কবিরাজ সেজে বাড়ির ছয়জনকে অচেতন, লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলায় কবিরাজ সেজে বাড়িতে ঢুকে পরিবারের ছয় সদস্যের সবাইকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে মাঝেরচর গ্রামের জাফর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গৃহকর্তা মো. জাফর আলী , তাঁর স্ত্রী সুলেমা খাতুন, মেয়ে রেবেকা আক্তার, কানিজ সুলতানা, রাবেয়া আক্তার ও দেড় বছরের নাতি নাইম হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, শরীয়তপুরের বাসিন্দা পরিচয়ে কবিরাজ সেজে অজ্ঞাতনামা এক লোক (৬০) গত মঙ্গলবার মাঝেরচর গ্রামে যান। দিনের বেলায় তিনি মানুষকে বিভিন্ন চিকিৎসা দেন এবং রাতে মাঝেরচর গ্রামের স্কুল মাঠে ঘুমান। গত বুধবার দুপুরে তিনি জাফর আলীর বাড়িতে গিয়ে লোকজনের কাছে পানি চান। এ সময় বাড়ির লোকজন তাঁকে পানি দেন এবং তাঁদের বাড়িতে থাকার জায়গা করে দেন। গত শুক্রবার রাতে জাফর আলী কবিরাজের কাছে পারিবারিক সমস্যা নিয়ে কথা বলেন।
তিনি কবিরাজকে জানান, তিনি পাশের বাড়ির এক ব্যক্তির কাছ থেকে জায়গা কিনেছেন। টাকা পরিশোধ করার পরও তিনি জমি লিখে দিচ্ছেন না। এ ব্যাপারে সমাধান চাইলে কবিরাজ একটি গ্লাসে ওষুধ মিশিয়ে তাঁদের খেতে দিয়ে বলেন, এই ওষুধ খেলে প্রতিপক্ষের লোকজন জমি লিখে দেবে। পরিবারের সবাইকে এই ওষুধ পান করতে হবে। জাফর আলী ও তাঁর পরিবারের লোকজন তা পান করেন। একপর্যায়ে সবাই অজ্ঞান হয়ে পড়লে কবিরাজ ঘরের আলমারি ভেঙে তিন ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যান।
পরে আশপাশের লোকজন গতকাল শনিবার দুপুরে বাড়ির লোকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূইয়া বলেন, এখনো অভিযোগ পাওয়া যায়নি।