রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে এক গ্রাম্য কবিরাজকে গত শনিবার পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।ওই গ্রাম্য কবিরাজের নাম লাল্টু প্রামাণিক (২৬)। তিনি গোয়ালন্দ উপজেলার খালেক সরদারপাড়ার মজিবর প্রামাণিকের ছেলে। শিশুটির মা শনিবার লাল্টুর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। গোয়ালন্দ ঘাট থানার এসআই স্বপন কুমার জানান, ২ মে লাল্টু ওই শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে লাল্টু পালিয়ে যান। পরে ওই শিশুর মা-বাবা স্থানীয় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলের কাছে এ ঘটনার জন্য বিচার চান। কিন্তু সালিসে বসা নিয়ে টালবাহানা শুরু করায় এলাকাবাসী শনিবার দুপুরের দিকে লাল্টুকে তাঁর বাড়ির সামনে থেকে ধরে পিটুনি দেয়। পুলিশ দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাল্টুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।