কবিরাজকে পুড়িয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় এক কবিরাজকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত কবিরাজের পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার কুলাউড়া থানায় হত্যা মামলা করা হয়েছে।জানা গেছে, উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের আবদুল মতিন (৬০) একজন গ্রাম্য কবিরাজ। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় পেকুরবাজার থেকে অজ্ঞাত এক ব্যক্তিসহ তিনি রিকশাযোগে কুলাউড়া শহরে আসছিলেন। ওই রিকশার চালক ওসমান মিয়া (৪০) জানান, উপজেলা পরিষদ চত্বরের নির্জন এলাকায় পৌঁছালে আবদুল মতিনের সহযাত্রী তাঁকে (ওসমান মিয়া) রিকশা থামাতে বলেন এবং তাঁকে ২০ টাকা দিয়ে এক প্যাকেট দুধ কিনে আনতে বলেন। ফিরে এসে তিনি আবদুল মতিনকে কাতরাতে দেখে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ সময় তিনি রিকশার অপর যাত্রীকে দেখেননি।পারিবারিক সূত্রে জানা গেছে, অবস্থার অবনতি ঘটায় গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবদুল মতিন মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে জামাল আহমদ গত বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বলেন, নিহত আবদুল মতিনের মাথায় জখম এবং গলা ও মুখমণ্ডলের কয়েকটি স্থান ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে, ধারালো কিছু দিয়ে কোপানোর পর তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে।