কবিরাজির নামে ভণ্ডামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপের কামড়ে বুধবার রাতেই মৃত্যু হয় কাঠমিস্ত্রি কামরুল ইসলামের (৩৪)৷ গতকাল বৃহস্পতিবার সকালে লাশ দাফনের আগ মুহূর্তে দলবল নিয়ে হাজির হন এক কবিরাজ৷ তিনি মৃত কামরুলকে আগুনে ঝলসে জীবিত করার চেষ্টা করেন৷ ব্যর্থতা স্বীকার করে ঘণ্টা খানেক পর তিনি স্থান ত্যাগ করেন৷ ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদা ছাতিয়ান গ্রামে৷
ভুয়া কবিরাজির ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার৷ তিনি বলেন, সাপে কাটা রোগীদের বাঁচানো সম্ভব৷ আক্রান্ত হওয়ার পর প্রথমেই সাপে কাটা স্থানে হালকা বেঁধে দিতে হয়৷ অনেকেই কামড় দেওয়া সাপ জীবিত বা মৃত অবস্থায় ধরে আনে৷ তখন সাপ, রক্তের ধরন ও প্রবাহ পর্যালোচনা করে সাপ বিষধর কি না নিশ্চিত হয়ে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়৷ কিন্তু মৃত্যু নিশ্চিত হওয়ার পরও ওই কবিরাজ যা করেছেন পুরোটাই ভণ্ডামি৷
নওদা ছাতিয়ান গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, বাড়ির পাশে স্থানীয় বাজারে বুধবার রাতে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে কামরুলকে একটি সাপ কামড় দেয়৷ তাৎক্ষণিক হাসপাতালে না নেওয়ায় রাতেই তাঁর মৃত্যু হয়৷ গতকাল সকাল ১০টার দিকে কামরুলের লাশ দাফনের প্রস্তুতি নেওয়ার সময় কবিরাজ আজিল হোসেন দলবল নিয়ে হাজির হন৷ প্রথমেই তিনি মৃতদেহ লেপ দিয়ে ২০ থেকে ২৫ মিনিট ঢেকে রাখেন৷ এরপর একটি মইয়ের ওপর কলার পাতা রেখে তার ওপর মৃতদেহ রাখা হয়৷ নিচে কাঠ জ্বালিয়ে তাতে ধূপ ছিটিয়ে দেন৷ প্রায় ২০ মিনিট মৃতদেহ ঝলসানো হয়৷ কবিরাজের নির্দেশে লেপে জড়ানো মৃতদেহ হাত দিয়ে ঘোরাতে থাকেন সাত-আটজন৷ এরপর আরও আটজন মিলে মৃতদেহকে ঝাঁকুনি দিতে থাকেন৷ আগুনের তাপে ইতিমধ্যেই মৃতদেহের বিভিন্ন স্থান পুড়ে যায়৷
ঘণ্টা খানেক চেষ্টার পর কবিরাজ নীরবে ঘটনাস্থল ছেড়ে চলে যান৷ এর আগে মৃত মানুষ জীবিত হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে হাজারো নারী, পুরুষ ও শিশুরা জড়ো হতে থাকে৷
কবিরাজ আজিল হোসেনের সহযোগী চেংগাড়া গ্রামের নুরু বলেন, সাপে কামড় দেওয়ার পর কামরুল স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করে মারা যাওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি৷ কবিরাজ তাঁকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেছেন৷
নওদা ছাতিয়ান গ্রামের পাশের বামন্দি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন কবীর বলেন, ‘মরার ওপর খাঁড়ার ঘা শুনেছি৷ কবিরাজের কারিগরি দেখে তার প্রমাণ পেলাম৷ এটা কুসংস্কার ও অমানবিক ছাড়া কিছুই না৷’