কবিরাজের ওষুধে এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বুধবার রাতে গর্ভপাত করাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, কবিরাজি ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটানোর সময় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের রনজু মিয়ার মেয়ে মাহমুদা আক্তারের (১৯) সঙ্গে একই গ্রামের শামীম মিয়ার (২০) এক বছর আগে বিয়ে হয়। ছয় মাস আগে মাহমুদা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাচ্চা নষ্ট করার জন্য তিনি গত মঙ্গলবার স্বামীকে নিয়ে পার্শ্ববর্তী বালিয়া গ্রামের আবদুর রহিম বকসের স্ত্রী সুফিয়া বেগমের কাছে যান। কবিরাজ সুফিয়া বেগম তাঁকে ওষুধ সেবন করান। এই ওষুধ সেবন করে মাহমুদা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে বুধবার রাতে মাহমুদা মারা যান।
এ ঘটনায় মাহমুদার শ্বশুর আবদুস ছাত্তার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার কবিরাজ সুফিয়া বেগমকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।