কবিরাজের তুকতাকে ৩০ জন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিরাজের তুকতাকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের নারী-পুরুষ মিলিয়ে ৩০ জন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি হয়েছেন৷ চুরি যাওয়া টাকা উদ্ধারে কবিরাজের ঝাড়ফুঁক দেওয়া মসলা জাতীয় খাবার খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অসুস্থদের পারিবারিক সূত্র জানায়, গ্রামের সাদেক আলীর ঘর থেকে ১২ মে রাতে ২০ হাজার টাকা চুরি যায়৷ এ টাকা উদ্ধারে সাদেক আলীর স্ত্রী নাজমা বেগম গত শনিবার উপজেলার চন্ডিপুর গ্রামের কবিরাজ আমজাদ হোসেনের শরণাপন্ন হন৷ কবিরাজ মসলা জাতীয় কিছু দ্রব্যে ঝাড়ফুঁক দিয়ে সেগুলো সন্দেহভাজনদের খাওয়ানোর পরামর্শ দেন৷ নাজমাকে ওই কবিরাজ এও নিশ্চিত করেছিলেন, এই মসলা খেলে আসল অপরাধী অসুস্থ হয়ে পড়বে৷
নাজমা শনিবার রাত নয়টায় কবিরাজের দেওয়া মসলা বাড়ির লোকজন ও প্রতিবেশীদের খেতে দেন৷ সেই সঙ্গে কেউ খেতে না চাইলে তাকেই চোর সাব্যস্ত করবেন বলে হুঁশিয়ার করেন৷ ফলে বাধ্য হয়ে বাড়ি ও আশপাশের অন্তত ৪০ জন নারী-পুরুষ ওই মসলা খান৷ তাঁদের মধ্যে অন্তত ৩০ জন রাতেই অসুস্থ হয়ে পড়েন৷
স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন অসুস্থরা বলেন, ওই মসলা খাওয়ার কয়েক ঘণ্টার ভেতর প্রথমে বমি ও পরে পাতলা পায়খানা শুরু হয়৷ চিকিৎসাধীন আমেনা বেগম (৪৫) বলেন, ওই মসলা খেতে প্রথমে ঝাল-মিষ্টি লাগলেও পরে টক লাগে। আধা ঘণ্টা পরই গা ঝিমঝিম ও পেটব্যথা শুরু হয়৷