কবিরাজের পিটুনি প্রতিবন্ধী তরুণ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজছত্তিশ গ্রামে খালেদ আহমদ (২৭) নামে এক মানসিক প্রতিবন্ধী তরুণকে চিকিৎসার নামে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালের ইসলামাবাদ গ্রামের হেলিম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
খালেদের স্ত্রী অভিযোগ করেন, কুপ্রস্তাবে তিনি রাজি না হওয়ায় তাঁর অসুস্থ স্বামীকে কবিরাজ পিটিয়ে আহত করেছেন।
ওই তরুণের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ধনু মিয়া নামের এক ব্যক্তি বরমচালের ইসলামাবাদ গ্রামে তাঁর মামা হেলিম মিয়ার বাড়িতে থেকে কবিরাজি করে আসছিলেন। অভিভাবকেরা খালেদকে সুস্থ করার জন্য ৩৫ হাজার টাকায় হেলিম মিয়ার সঙ্গে চুক্তি করেন। বৃহস্পতিবার বিকেলে খালেদকে তাঁর পরিবারের কয়েকজন সদস্য ধনু মিয়ার কাছে নিয়ে যান। রাতে ধনু মিয়ার ঘরে খালেদ ও তাঁর স্ত্রী সাবিনা ইয়াছমিনকে রেখে তাঁদের পরিবারের অন্য সদস্যদের আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয়। ধনু মিয়া খালেদকে সুস্থ করে তোলার আশ্বাস দিয়ে সাবিনা ইয়াছমিনকে কুপ্রস্তাব দেন। সাবিনা রাজি না হওয়ায় ধনু মিয়া খালেদকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এ সময় খালেদ ও তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে ধনু মিয়া পালিয়ে যান। খালেদকে ওই রাতেই ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধনু মিয়া আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। হেলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম। কিন্তু তাঁরা রোগী নিয়ে চলে গেছেন।’