কবিরাজের মুক্তির দাবিতে থানায় জমায়েত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি শিশুকে ‘অগ্নি চিকিৎসার’ মাধ্যমে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার কবিরাজ আবদুল ওয়াহেদ আলীর (৪৭) মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার স্থানীয় লোকজন বাগমারা থানা প্রাঙ্গণে জমায়েত কর্মসূচি পালন করেছেন। এ সময় তাঁরা কবিরাজকে ‘ভালো মানুষ’ আখ্যায়িত করেন। এদিকে দুই দিনের রিমান্ড শেষে ওই কবিরাজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাজশাহীর পুলিশ সুপার বার্ষিক পরিদর্শনে বাগমারা থানায় আসেন। তিনি থানায় আসবেন—এমন খবরে জেলার শ্রীপুর এলাকার পাঁচ শতাধিক বাসিন্দা বিকেল চারটার দিকে থানা প্রাঙ্গণে জমায়েত হন। তাঁরা এক ঘণ্টা থানার ভেতরে অবস্থান করেন। পুলিশ কয়েক দফা তাঁদের বাইরে যেতে বললেও তাঁরা তা শোনেননি। পরে পুলিশ সুপার, র‌্যাব-৫-এর কমান্ডিং অফিসারসহ র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে লোকজনের বক্তব্য শোনেন। একপর্যায়ে পুলিশ সুপার তাঁদের থানা থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলে তাঁরা চলে যান।রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন বলেন, ‘লোকজন তাঁদের কথা জানানোর জন্য এসেছেন। কেউ তাঁদের আসতে উদ্বুদ্ধ করেছে।’ থানার ভেতর এভাবে জমায়েত কর্মসূচি পালন করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘থানা সবার জন্য উন্মুক্ত, সবাই আসতে পারে।’গত ২০ অক্টোবর দাউদপুর গ্রামের কবিরাজ আবদুল ওয়াহেদের ‘অগ্নি চিকিৎসায়’ শিশু গোলাম রব্বানির শরীর ঝলসে যায়। এ ব্যাপারে পত্রিকায় সংবাদ ছাপা হলে মামলা করা হয়। মঙ্গলবার ওই কবিরাজকে গ্রপ্তার করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল রিমান্ড শেষ হয়।