
তাঁর একটিমাত্র শাড়ি। এক প্রান্ত দিয়ে আব্রু ঢেকে জবুথবু হয়ে বসে মাঝবয়সী নারী। আঁচলের প্রান্তটি লম্বা করে রোদে মেলে দেওয়া। গোসলের পর পরনের একমাত্র শাড়িটি শুকিয়ে নিচ্ছেন তিনি। ছবিটির দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে।
খুব চেনা ছবি। এই একটি দৃশ্যেই উন্মোচিত হয় সমাজের জাঁকজমকে ভরা উপরিকাঠামোর আড়ালে থাকা বাস্তবতার ক্রূর রূপটি। পরম মমতায় দৃশ্যটি এঁকেছেন দেশের বাস্তবধারার অন্যতম প্রধান শিল্পী শহিদ কবির। ‘ড্রাইং হার ওনলি শাড়ি’ নামের এ মিশ্র মাধ্যমের কাজটিসহ মোট ৫৩টি শিল্পকর্ম নিয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ‘তোমার পরে ঠেকাই মাথা’ নামে তাঁর চতুর্দশ একক শিল্পকর্ম প্রদর্শনী। আজ সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। প্রদর্শনী চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।
প্রদর্শনী উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে বেঙ্গল গ্যালারিতে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউয়ের আয়োজন করা হয়। এতে শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে আমাদের চিত্রকলায় বাস্তবধারার যে চর্চা শুরু হয়েছিল, তার বিকশিত রূপটি প্রকাশিত হয়েছে শহিদ কবিরের কাজে।’ শহিদ কবির বলেন, ‘চারপাশের দৃশ্য আমার ভেতরে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তা প্রকাশ করতে গিয়ে যখন রং-তুলি নিয়ে ক্যানভাসের সামনে দাঁড়াই, তখন জীবনের চরম সত্যের মুখোমুখি হই। সেই বাস্তবতাই ছবি হয়ে ওঠে।’ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।
আধুনিক চিত্রকলা দুর্বোধ্য বলে যাঁদের মনে খেদ, তাঁরাও অনায়াসে শহিদ কবিরের শিল্পকলার রসাস্বাদন করতে পারবেন। দেয়ালে ঝোলানো দৃশ্যগুলো এত চেনা যে মনে খানিকটা বিস্ময়ই জাগবে—এসব দৃশ্যও শিল্পকলার বিষয় হয়! এই যে সাধারণ বিষয়গুলোকে শিল্পকলার বিষয় হিসেবে ভাবা, বেছে নেওয়া এবং তাকে নান্দনিকতার দাবি মিটিয়ে পরস্ফুিটিত করে তোলা—শহিদ কবিরের অনন্যতা এখানেই।
তিনি এঁকেছেন বিশাল ক্যানভাসজুড়ে পোড়া দাগে বিক্ষত রুটি, যাকে সুকান্ত ভট্টাচার্য পূর্ণিমার চাঁদের তুল্য ভেবে লিখেছিলেন ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়/ পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি’। ছবিটির নাম ‘হোমেজ টু সুকান্ত’। এঁকেছেন জ্বলন্ত মেটে চুলার ওপর চাপানো ভাতের হাঁড়ি। শীতলক্ষ্যার পাড়ে ইটের ভাটার শত শত চিমনি দিয়ে উদ্গত ধোঁয়ায় কালো হয়ে যাওয়া আকাশ।
গ্যালারির দেয়ালের সামনে দিয়ে যেতে যেতে কিছু কিছু দৃশ্যে এসে চোখ আটকে যায়। লম্বা একটি টেবিল। লম্বা সবুজ শাখার ডগায় ফুটে থাকা একটি শুভ্র ফুল তার ওপর রাখা। ধারালো চাকু দিয়ে জবাই করার মতো সেই ফুলসমেত কাণ্ডটি কেটে ফেলা। পাশে লাল রঙের ছোপ। শিরোনামে তিনি জরুরি ঘোষণার মতো করে বলেন ‘স্টপ কিলিং নেচার নাউ’। প্রদর্শনীতে বেশ কয়েকটি প্রতিকৃতি আছে। ভূপ্রাকৃতিক দৃশ্য। বস্তিবাসী নারীর রূপসজ্জা। একটি ছোট্ট ছবি দর্শকদের চোখে লেগে থাকবে বহুদিন। বড় মমতাময় দৃশ্য। দুটি জুতা। একটি কালো। পুরুষের। বহু ব্যবহারে জীর্ণ। অপরটি তার গা ঘেঁষে। ছোট্ট। লাল টুকটুকে। কোনো খুকির। ছবিটির নাম ‘সেলটার’। আর কিছু কি বলার দরকার পড়ে?
শহিদ কবির যে বাস্তবতার সামনে দর্শকদের দাঁড় করিয়ে দেন, তা মন ভরানোর চেয়ে মনে জ্বালা ধরায়। মনে হয় এই অন্যায্য, অসহ্য বাস্তবতাকে পালটে দিক। যে সুন্দর চিরকাম্য, জীবনে ও সমাজে তার প্রতিষ্ঠা হোক। এভাবেই তাঁর কাজ মহৎ শিল্পের ব্যঞ্জনায় মহিমামণ্ডিত হয়ে ওঠে।
শহিদ কবির ১৯৬৯ সালে তৎকালীন গভর্নমেন্ট কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে স্নাতক ডিগ্রি নিয়ে এখানেই শিক্ষকতা শুরু করেন। নয় বছর শিক্ষকতার পর ১৯৮০ সালে স্পেন যান স্বাধীনভাবে শিল্পকলা চর্চার জন্য। বর্তমানে তিনি স্পেন ও ঢাকায় বসবাস করে স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন। এ প্রদর্শনীর মিশ্রমাধ্যম ও ছাপচিত্রের কাজগুলোতে তিনি সঞ্চার করেছেন নতুন মাত্রা। খড়, মাটি ও রঙের মিশ্রণে বর্ণ প্রলেপে সৃষ্টি করেছেন নিজস্ব শৈলী। দর্শকেরা তাঁর এ প্রদর্শনীতে চেনা স্বদেশ, চেনা পরিপ্রেক্ষিতকেই পাবেন নবরূপে, নতুন শিল্প সুষমায়।