সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী মিসবাহ উদ্দিন (২২) হত্যা মামলার প্রধান আসামি কবির আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর পরপরই ধরা পড়েছেন তাঁর দুই সহযোগীও।
রুমেল আহমদ (২৪) নামের একজনকে পুলিশ গত শুক্রবার রাত নয়টায় নগরের হাসান মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। মো. রানা আহমেদ (২৪) নামের অপরজনকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের-৯ (র্যা ব) একটি দল রাত সাড়ে ১০টায় নগরের বন্দরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যা বের হাতে গ্রেপ্তার রানাকে গতকাল সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার এসি মো. নুরুল হুদা আশরাফী। তিনি বলেন, কবিরের সহযোগী দুজনও মামলার এজাহারভুক্ত আসামি। গত বৃহস্পতিবার কবিরকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তিনি আদালতে জবানবন্দি দেন। এতে কবিরের সহযোগী পাঁচজনের নাম পাওয়া যায়। তাঁদের ধরতে রাতেই অভিযান চালানো হয়। মামলার মোট ছয় আসামির মধ্যে কবির ও তাঁর দুই সহযোগী গ্রেপ্তার হয়েছেন।
গত ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মিসবাহকে। এ ঘটনায় ক্লোজড সার্কিট ক্যামেরায় খুনি কবির শনাক্ত হলে তাঁকেসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন নিহত মিসবাহের মা নাজমা বেগম।