কবীর চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

তিনি চেয়েছিলেন নিরিবিলি লোকচক্ষুর অন্তরালে মৃত্যুকে বরণ করে নিতে। পূর্ণ হয়েছিল তাঁর সেই ইচ্ছা। গত ২০১১ সালের ১৩ ডিসেম্বর ভোররাতে ঘুমের ভেতরেই চিরনিদ্রায় চলে যান অধ্যাপক কবীর চৌধুরী। আজ তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী। নিভৃতেই প্রস্থান চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন সাধারণ কবরস্থানে যেন তাঁকে দাফন করা হয়। কোনো আড়ম্বরপূর্ণ কিছু যেন না করা হয় মৃত্যুর পরে।
কবীর চৌধুরী ছিলেন সাম্প্রদায়িকতাবিরোধী, গণতন্ত্রকামী মুক্তচিন্তার মানুষ। বাংলাদেশের অনুবাদ সাহিত্যের পুরোধা ছিলেন তিনি। বিচিত্র তাঁর অনুবাদ ও মৌলিক রচনার সম্ভার। গ্রন্থের সংখ্যা প্রায় আড়াই শ।
কবীর চৌধুরীর জন্ম ১৯২৩ সালের ৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন শেষে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় ও সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন। তিনি দেশের নানা সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা ছাড়াও সরকারের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।