কবীর চৌধুরীর নৈতিক দৃঢ়তা জাতিকে অনুপ্রাণিত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলছে। কবীর চৌধুরী তখন বাংলা একাডেমীর পরিচালক। পাকিস্তানি শাসকগোষ্ঠী সিদ্ধান্ত নিল, বাংলা একাডেমীকে মসজিদে পরিণত করবে। এ জন্য তারা বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর সংগ্রহ শুরু করে। স্বাক্ষরের জন্য কবীর চৌধুরীর কাছে গেলে তিনি তা প্রত্যাখ্যান করেন। স্বাক্ষর না করলে কী হবে, তা জেনেও তিনি স্বাক্ষর করেননি। তিনি বলেছিলেন, এ অনৈতিক। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নাগরিক স্মরণসভায় তাঁকে এভাবেই স্মরণ করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এ অনুষ্ঠানে সিরাজুল ইসলাম বলেন, কবীর চৌধুরীর নৈতিক দৃঢ়তা এবং অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে জানার জন্য এর চেয়ে বেশি দৃষ্টান্তের আর প্রয়োজন নেই। তাঁর নৈতিক ও চারিত্রিক গুণাবলি জাতিকে অনুপ্রাণিত করবে। সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, নিজের হাতের লেখার মতোই কবীর চৌধুরীর চিন্তা ছিল স্বচ্ছ। তিনি এ জাতির সঙ্গে বিশ্বসাহিত্যের পরিচয় ঘটিয়েছেন। বাংলা সাহিত্য নিয়ে গেছেন বিশ্বের দরবারে। তাঁর লেখা ছিল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনাপ্রসূত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, কবীর চৌধুরী আমৃত্যু সক্রিয় জীবনযাপন করেছেন। পরিণত বয়সে মৃত্যুবরণ করলেও এটি জাতির জন্য অকালমৃত্যু। নাট্যকার রামেন্দু মজুমদার বলেন, ‘কবীর চৌধুরী সব সময় ডায়েরি ব্যবহার করতেন। তিনি ১৩ ডিসেম্বর মারা গেলেন। ডায়েরিতে ১৪ ডিসেম্বর লেখা ছিল ‘ছুটি’। কেন লিখেছিলেন তা আমরা জানি না। তিনি বলে গিয়েছিলেন, মৃত্যুর পর তাঁকে যেন শহীদ মিনার এবং বাংলা একডেমীতে না নেওয়া হয়। তিনি ছিলেন নিরহংকার এবং নিবেদিত। জীবনের যাবতীয় সঞ্চয়ের একটি বড় অংশ বাংলা একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে গেছেন।’বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, কবীর চৌধুরী মুক্তচিন্তার লোক ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে সুশীল সমাজের তীক্ষ্ম ফলাটি ভেঙে গেছে। জাতি হারিয়েছে অসাম্প্রদায়িক চেতনার একজন মানুষকে। সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় আরও অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ সামাদ, নাট্যকার আতাউর রহমান, গোলাম কুদ্দুস, মান্নান হীরা, ঝুনা চৌধুরী প্রমুখ।