কবীর চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন ব্যক্তি, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক বিবৃতিতে বলেন, কবীর চৌধুরী ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সংগ্রামী এক পুরুষ। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম কবীর চৌধুরীকে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সৈনিক বলে অভিহিত করেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বলেন, দেশের এই ক্রান্তিকালে তিনি জাতীয় বিবেকের ভূমিকা পালন করতেন।আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জাতীয় সংসদের চিপ হুইপের কার্যালয়, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্রসহ আরও অনেক সংগঠন বিবৃতি দিয়েছে।