খাঁচায় কবুতর! বিক্রির জন্য রাখা। কবুতরের খাঁচার মাঝখানে একটি খাঁচা কাপড় দিয়ে ঢাকা। কাপড় সরাতেই মিলল একঝাঁক শালিক।
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কবুতর কেনা-বেচার আড়ালে এভাবে খাঁচায় পুরে বিক্রির জন্য রাখা ৪৮টি শালিক জব্দ করা হয়। পরে সেগুলো অবমুক্ত করা হয়। সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযান-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ভ্রাম্যমাণ আদালত বন্দরবাজার এলাকার লালবাজার মাছের বাজারে ইলিশ বিক্রি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে বের হন। মাছের বাজার থেকে বের হয়ে বন্দরবাজার এলাকায় সারি সারি কবুতর বিক্রির খাঁচা পর্যবেক্ষণ করেন আদালত। এর মধ্যে একটি খাঁচার কাপড় সরাতে গিয়ে মিলল শালিকের ঝাঁক। এ সময় খাঁচার মালিকের সন্ধান করে কাউকে পাওয়া যায়নি। পরে খাঁচাটি জব্দ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শালিকগুলোকে অবমুক্ত করা হয়। বন্দরবাজার এলাকা ঘুরে জানা গেছে, লালকুঠি সিনেমা হলের আশপাশের এলাকায় মোরগ ও কবুতর বিক্রির আড়ালে পাখি কেনা-বেচা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধরা পড়া শালিকগুলো বিক্রির জন্য রাখা হয়েছিল। প্রতিটি শালিক ৫০ টাকায় বিক্রি হয় এখানে। শালিকের বেশির ভাগ ক্রেতা বিভিন্ন রেস্তোরাঁ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, শীতের সময় ওই এলাকায় পাখি কেনা-বেচা বেড়ে যায়। এবার সেখানে বেশি নজরদারি রাখা হবে। তিনি জানান, শালিকভর্তি খাঁচার মালিককে না পাওয়া গেলেও ওই এলাকার মোরগ ও কবুতরের বিক্রেতাদের পাখি কেনা-বেচা আইনত দণ্ডনীয় অপরাধ, বিষয়টি অবহিত করার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।