রানা প্লাজার দুর্ঘটনায় দোষী ব্যক্তিদের বিষয়ে আদালতে কবে অভিযোগপত্র দেওয়া হবে, সে বিষয়ে কোনো দিনক্ষণ জানাতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল, খুব তাড়াতাড়ি তাদের চিহ্নিত করে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
রানা প্লাজা ধসের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তা তুলে ধরতে আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত এ ঘটনায় মূল অভিযুক্ত রানাসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজি), র্যাবের মহাপরিচালক (ডিজি), আনসারের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, এফবিসিসিআই, বিজিএমইএর সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযোগপত্র এক বছরেও দিতে না পারার কারণ হিসেবে পুলিশের আইজি হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘অভিযোগপত্র দিতে পারলে আমাদেরও ভালো লাগত। তবে আমরা কথা দিচ্ছি ও আস্থা নিয়ে বলছি, খুব তাড়াতাড়ি অভিযোগপত্র দেওয়া হবে। এ বিষয়ে কালক্ষেপণ করা হবে না।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
এক বছর আগের এই দিনে রানা প্লাজার নয় তলা ভবন ধসে সেখানে অবস্থিত পোশাক কারখানার এক হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। আহত হন এক হাজার ১৬৭ জন শ্রমিক। দুর্ঘটনায় অশনাক্ত ২৯১ শ্রমিকের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। পরিচয় নিশ্চিত হতে অশনাক্ত ৩২২টি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষাও হয়। অবশ্য এ পরীক্ষার পরও ৮৫টি লাশের পরিচয় এখনো জানা যায়নি।
বছরজুড়ে নানা ধরনের আলোচনা ও লেখালিখি হলেও এখনো শাস্তি পাননি দোষী ব্যক্তিরা। দেশে ও দেশের বাইরের চাপে ভবন ও পোশাক কারখানার মালিকেরা গ্রেপ্তার হলেও এখনো মামলার তদন্তকাজ শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুই মাস ধরেই তারা বলছে, শিগগিরই বহুল আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে দেওয়া সম্ভব হবে।