কবে আসবে কোরবানির ঈদ
তাঁরা অপেক্ষায় থাকেন—কবে আসবে কোরবানির ঈদ। কারণ, এই ঈদ এলেই মাত্র কয়েকটা দিনের জন্য তাঁদের ব্যবসা জমে। দুহাতে কিছু টাকা আসে।
টাটকা ঘাস, শুকনো খড় আর জাব ও ভুসি নিয়ে বসে থাকেন এসব মৌসুমি ব্যবসায়ী। বাজার কিংবা মহল্লার কোনো খোলা জায়গায় বসে যান তাঁরা। সঙ্গে হোগলার চাটাই আর নানা ধরনের খাটিয়াও থাকে।
মো. হুমায়ূন কবির বেগুনবাড়ীতে থাকেন। বছরের অন্যান্য সময় রিকশাভ্যান চালান। কিন্তু ঈদুল আজহার তিন দিন আগে থেকে শুরু হয় তাঁর নতুন ব্যবসা। এবারও চাটাই, খড় ও ধানগাছের পাতার আঁটি নিয়ে দোকান সাজিয়েছেন। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনে সেখানেই খুচরা দোকান দিয়েছেন। পাতার আঁটি বিক্রি করছেন ৬০ টাকায়। আর চাটাইয়ের দাম ১৫০ টাকা করে।
অন্যদিকে, শুধু খড়ের আঁটি বিক্রি করছেন কোহিনূর বেগম। ছেলে রাখছে লেনদেনের হিসাব। বৃষ্টি থেকে রক্ষা পেতে খড়ের ওপর পলিথিন বিছিয়েছেন। খড়ের আঁটি তিনি বিক্রি করছেন ৩০ টাকা করে। তিন দিন ধরে এই ব্যবসা চালাচ্ছেন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন কোহিনূর। কোরবানির আগে কিছু বাড়তি উপার্জনের আশায় মৌসুমি ব্যবসায় নেমেছেন। তবে এবার ব্যবসা ভালো হচ্ছে না বলে জানান তিনি। কোহিনূর বলেন, বৃষ্টি কেনাবেচায় বাগড়া দিচ্ছে।
কোহিনূর বেগমের কাছ থেকে খড় কিনছিলেন আলমগীর হোসেন। তিনি বলেন, খড়ের দাম একটু বেশি। চাটাইয়ের দামও অন্যান্য জায়গার চেয়ে বেশি। তবে খাটিয়ার দাম ঠিকই আছে। তিনি বলেন, কোরবানির ঈদে এসব জিনিস আছে বলে মাংস কাটাকাটিতে সুবিধা হয়।
ভোলায় বাড়ি মো. ইসমাইল হোসেনের। ঈদুল আজহার আগে পাঁচ দিন ধরে ঘাস বিক্রি করছেন আঁটিপ্রতি ২০ টাকা করে। অন্যান্য সময় শাকসবজির দোকানে কাজ করেন ইসমাইল। কয়েক দিনের এই ব্যবসা শেষে আজকেই বাড়ি ফেরার চেষ্টা করবেন। তবে ফিরতে না পারলে থেকে যাবেন ঢাকাতেই, ঈদ করবেন স্বজনদের সঙ্গে।
মো. আহসান হাবিবের রিকশাভ্যানের ব্যবসা। ঈদের আগে ভ্যানের কাজ খুব একটা পাওয়া যায় না বলে পশুর খাবার বিক্রি করছেন। তাঁর দোকান একটু বড়। খড়ের আঁটি থেকে ভুসি—সবকিছুই বিক্রি করছেন তিনি। কাঁঠালপাতাও বিক্রি হচ্ছে। আহসান দাম ধরছেন পরিমাণ অনুযায়ী। ক্রেতারা যতটুকু নিচ্ছে, তার ওপর দাম ধরছেন তিনি। মাঝারি আকারের খাটিয়া বিক্রি করছেন ১৫০ টাকা করে। তিনি জানান, আজ রাত ১০টা পর্যন্ত থাকবেন কারওয়ান বাজারে। যা লাভ হবে, তা দিয়েই চালাবেন ঈদের খরচ।
পশুখাদ্য কেনার বেলায় ক্রেতারা দরদাম করছেন বেশ। ভ্যানচালক মো. আবদুস সালাম বিক্রি করছেন একদামে। খড়ের আঁটি ৪০ এবং চাটাই বিক্রি করছেন ১৪০ টাকায়। তাঁর দাবি, বৃষ্টিতে খড় নষ্ট হয়ে যাচ্ছে। এর কম দামে বিক্রি করলে আর্থিক ক্ষতি হবে। তিন দিনের ব্যবসা চালাতে মোট ২ হাজার ৬০০ টাকা বিনিয়োগ করেছেন বলে জানান আবদুস সালাম।