২৬ দিনেও জ্ঞান ফেরেনি দুর্ঘটনায় আহত মিঠু সাহার। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসায় প্রতিদিন খরচ হচ্ছে ১৫ হাজার টাকা। প্রথম ছয় দিনেই খরচ হয়েছে দুই লাখ ৪০ হাজার টাকা। খরচ কুলাতে না পেরে হাসপাতাল ফেলে বোনের বাড়িতে উঠেছেন মিরা সরকার (৪০)। তাঁর শরীরের ক্ষতস্থানে পচন ধরেছে। টাকা জোগাড় হলে আবারও নিজের চিকিৎসা করাবেন। এটুকু বলেই কেঁদে ফেললেন মিরা।
১ আগস্ট ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী গাড়ির ১৬ যাত্রী আহত হন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছেন না তাঁরা। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। তাঁরা সবাই ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামের বাসিন্দা। গ্রামের স্কুলশিক্ষক তাপস বিশ্বাসের বিয়েতে গিয়ে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্পণা রানী (৩৮)। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর একমাত্র মেয়ে অনুকে নিয়ে কুষ্টিয়ায় বোন অর্চনা রানীর বাড়িতে থাকতেন। অর্চনাই এত দিন তাঁর চিকিৎসা করিয়েছেন। এখন পর্যন্ত দুই লাখ টাকা খরচ হয়েছে। বোনের চিকিৎসা করাতে গিয়ে অর্চনারও সহায়সম্বল শেষ হয়ে গেছে। এখনো অনেক টাকার প্রয়োজন।
শুধু তাঁরাই নন। আহত ১৬ যাত্রীর কেউই টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। এখন পর্যন্ত নিজেদের আত্মীয়স্বজন ছাড়া সহযোগিতায় কেউ এগিয়ে আসেননি। দুর্ঘটনায় মোট ৪৭ জন আহত হলেও ২৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
আহত মিরা সরকারের মেয়ে প্রভাতী রানী (২৫) জানান, তাঁর বাবা তিন মাস আগে মারা গেছেন। মা ছাড়া পৃথিবীতে তাঁর কেউ নেই। দুর্ঘটনায় মায়ের এক পায়ে গুরুতর জখম হয়েছে। ডায়াবেটিস থাকায় ক্ষতস্থানে পচন ধরেছে। এত দিন ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসার খরচ জোগাতে না পেরে এক বোনের বাড়িতে উঠেছেন। টাকা জোগাড় হলে মাকে আবার হাসপাতালে নেবেন বলে জানান তিনি।
গুরুতর আহত মিঠু সাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তাঁর ভাই গৌতম সাহা বলেন, তাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ। ভাইয়ের চিকিৎসার খরচ জোগাতে সব শেষ করে ফেলেছেন।
এদিকে দুর্ঘটনার পর ঝিনাইদহ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে ক্রসিংয়ের গেটম্যান, বারোবাজার স্টেশনমাস্টার ও বাসচালককে দায়ী করা হয়েছে। ওই তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন জাহান জানান, তাঁরা প্রতিবেদন দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।