কবে পরিচ্ছন্ন হবে ঢাকা উত্তর?
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেয়র নির্বাচিত হওয়ার পরে প্রায় ১০ মাস হতে চললেও অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। তবে সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, প্রতিটি ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ শেষ হলে সড়কে ময়লা থাকবে না।
গত কয়েক দিন মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর ও আগারগাঁও এলাকা ঘুরে দেখা যায়, আগের মতোই সড়কে ময়লা-আবর্জনা রাখা হচ্ছে। ময়লার কনটেইনার সড়কের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দিনের বেলায় এসব ময়লা সরানোর কাজ করছেন। একাধিক স্থানে মূল সড়কের ওপরে গড়ে উঠেছে অবৈধ বাজার। ফুটপাত দখল করে দোকান তৈরি করা হয়েছে। এই দোকানিরা ময়লা ফেলছেন ফুটপাত, নর্দমায়।
গত বছরের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে ঢাকার দুই নির্বাচিত মেয়র তাঁদের নির্বাচনী ইশতেহারে পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক নির্বাচনের পরপরই সড়কে থাকা ময়লার কনটেইনার সরানোর জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস বানানোর প্রক্রিয়া শুরু করেন। ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে মোট ৭২টি এসটিএস বানানো হবে বলে ডিএনসিসি জানায়। বর্তমানে অর্ধশতাধিক এসটিএস নির্মাণের কাজ চলছে।
সিটি করপোরেশন বলছে, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসগুলো হলে সড়কগুলোতে কোনো ময়লা-আবর্জনার কনটেইনার থাকবে না। বাসা-বাড়ি থেকে আনা ময়লা এসব স্টেশনে জড়ো করা হবে। আধুনিক সুবিধা-সংবলিত হওয়ায় এসব স্টেশন থেকে দুর্গন্ধ ছড়াবে কম।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, রাস্তায় ময়লার কনটেইনার রাখায় যানজট লাগে, দুর্গন্ধে পথচারীদের সমস্যা হয়। এ অবস্থা থেকে উত্তরণে ইতিমধ্যে অর্ধশতাধিক এসটিএসের নির্মাণকাজ শুরু হয়েছে। অনেকগুলোর কাজ প্রায় শেষের পথে। দেড়-দুই মাসের মধ্যে এগুলো শেষ হবে। এগুলো হলে ডিএনসিসি এলাকার ময়লা সমস্যা ৭০ শতাংশ সমাধান হয়ে যাবে।
গত বৃহস্পতিবার কল্যাণপুর বাসস্ট্যান্ডে নির্মাণাধীন এসটিএস ঘুরে দেখা যায়, কংক্রিটের মেঝে ও চারদিকে ১০ ফুট দেয়াল নির্মাণ শেষ। ময়লার কনটেইনারবাহী গাড়ি প্রবেশের সুবিধার্থে দেয়াল থেকে ১০ ফুট ওপরে বসানো হয়েছে টিনের ছাদ। শেষ মুহূর্তের কাজ চলছে এখন।
পরিচ্ছন্ন ঢাকা গড়তে ১৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে ডিএনসিসি। ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। এই কর্মসূচিতে প্রতিটি এলাকার ভেতরের সড়ক ও মূল সড়ক পরিষ্কার, নর্দমার ময়লা পরিষ্কার, ফুটপাত দখলমুক্ত, সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে পরিচ্ছন্নতা অভিযান চালানো হলেও নগরীতে তেমন কোনো পরিবর্তন আসেনি।
ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, ঢাকা উত্তরে ৯০ লাখ লোকের বসবাস। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য তৈরি হয়। আর ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী আছেন সাড়ে তিন হাজার। লোকজন যে ময়লা ফেলায়, সিটি করপোরেশনের সাড়ে তিন হাজার কর্মীর পক্ষে এই বর্জ্য অপসারণ করা কষ্টসাধ্য। ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। ডিএনসিসি যেখানে-সেখানে ময়লা ফেলা ঠেকাতে ময়লা ফেলার এক হাজার পাত্র বানাচ্ছে। এগুলো শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে।
পরিচ্ছন্ন নগরী গড়তে ও জনগণকে সচেতন করতে মেয়র বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মতবিনিময় সভা করছেন। মেয়র আনিসুল হক বলেন, সড়কের পাশের দোকানদারেরা ফুটপাত দখল করছেন। ড্রেন উপচে পড়ছে ময়লা। এসব ময়লা সাধারণ জনগণই ফেলেন। তাই ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। আগামী এপ্রিলের মধ্যে মূল সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হবে।