কবে প্রতিবন্ধী ভাতা পাবেন সজীব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী সজীব
প্রতিবন্ধী সজীব

জন্ম থেকেই সজীব মিয়ার (২২) দুটি পা বাঁকা। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। আর দিনমজুর বাবার ভিটেমাটি ছাড়া কিছু নেই। নিজে টিউশনি করে পড়াশোনার খরচ চালান। এরপরও সজীব মিয়া প্রতিবন্ধী ভাতা পান না।
সজীব মিয়া লালমনিরহাট সরকারি কলেজে দর্শন বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন।
সজীবের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি কলাবাগান চর এলাকায়। তাঁর বাবা জিন্নাত আলী। সামান্য জমিজমা যা ছিল অধিকাংশ নদীতে বিলীন হয়ে গেছে।
সজীব বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় গ্রামে দুজনকে পড়ানোর দায়িত্ব পান। সামান্য যে টাকা পেতেন তা দিয়ে খরচ চালাতেন। এভাবে অন্যকে পড়িয়ে ও নিজে লেখাপড়া করে ২০১১ সালে পশ্চিম ফুলমতি উচ্চবিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পাস করেন। ফলাফল ছিল ৩ দশমিক ৯০। এরপর নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে লালমনিরহাট সরকারি কলেজে দর্শন বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন। দুটি টিউশনির টাকায় কোনো রকম খেয়ে না খেয়ে চলতে হচ্ছে। সজীব আরও বলেন, ‘শারীরিক সমস্যার কারণে অনেকে আমার কাছে পড়তে চান না। ভীষণ কষ্টে চলতে হচ্ছে। পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রতিবন্ধী হিসেবে ভাতা পেলেও স্বপ্ন পূরণ করতে পারতাম।’ সজীব বলেন, তিনি ভাতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ভাতা পাননি।
সজীবকে লেখাপড়াসহ বিভিন্ন ধরনের সহায়তা করেন লালমনিরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মৃণাল কান্তি রায়। সজীবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি কোনো বিত্তবান ব্যক্তি আর্থিকভাবে একটু সহায়তা করেন তাহলে তিনি লেখাপড়া শেষ করতে পারবেন।