কবে ফিরব ক্যাম্পাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলা থেকেই আমি ছিলাম ঘরকুনো স্বভাবের লোক। বইয়ের প্রতি ছিল আমার চরম আসক্তি। দিনরাত বই নিয়ে পড়ে থাকাই ছিল আমার ধর্ম। বিদ্যালয়ে গমনাগমন, মাঝেমধ্যে টুকটাক খেলাধুলা ছাড়া খুব বেশি বাইরে বের হতাম না। সন্ধ্যার পর বাড়ির বাইরে অবস্থান করার ইতিহাস আমার জীবনে কোনোকালেই ছিল না।

ঢাকা কলেজে ভর্তি হওয়ার বছর দেড়েক পরে হলে উঠলাম। হলে ওঠার সুবাদে আমি আপাদমস্তক বদলে গেলাম। ঘরকুনো মানুষটা পাখির মতো মুক্ত আকাশে উড়তে শুরু করলাম। সারা রাত না ঘুমিয়ে রাতের আঁধারে ক্যাম্পাসের অলিগলি ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতের পর রাত পার করে দেওয়া, হলের ছাদে বসে বেসুরো গলায় গান গাওয়া, কখনো মিনি ট্রাকে করে হাতিরঝিলে যাওয়া, সারা রাত ক্রিকেট খেলে ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে নিউমার্কেট কিংবা ঢাকা মেডিকেল কলেজের ফুটপাতে গড়ে ওঠা হোটেলে ভোরের খাবার খেয়ে হলে ফিরে মাত্র এক–দেড় ঘণ্টার নামকাওয়াস্তে ঘুম। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে এক দৌড়ে ক্লাসে যাওয়া, ক্লাসে গিয়ে স্যারের চোখ ফাঁকি দিয়ে ফের ঘুমিয়ে পড়া, মাঝেমধ্যে স্যারের কাছে ধরা পড়ে বকুনি খাওয়া। আহা, কী স্মৃতি!

হলের বড় ভাই বা বন্ধুদের জন্মদিন উদযাপন, বিশেষভাবে উদযাপনের পর ট্রিট হিসেবে চানখাঁরপুল অথবা মামা হোটেলে খাওয়া, এক রুমে গাদাগাদি করে ১০ থেকে ১৫ জন ঘুমানো, কখনো–সখনো ইচ্ছে হলেই বাইরে কোথাও ট্যুরে যাওয়া, পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নেওয়া, মিছিল, মিটিং, কনসার্ট, সেমিনার—সবকিছুই ছিল হুলুস্থুল কাণ্ড। স্বল্পকালের ক্যাম্পাস–জীবনকে এ রকম বিচিত্র রঙে রঙিন করে উদযাপন করেছি। অথচ আজ সবকিছুকেই কেন যেন ইতিহাস মনে হচ্ছে। কখনো ভাবিনি আমাকে আবার গৃহবন্দী হয়ে থাকতে হবে। যেটা ভাবিনি, আজ সেটাই বাস্তবতা। বড্ড বেশি মিস করছি ক্যাম্পাসের সেই স্মৃতিবিজড়িত দিনগুলোকে।

ক্যাম্পাসের এত এত উদযাপন আজ স্তব্ধ। মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস ধরে ক্যাম্পাস বন্ধ। ১৮ একরের ক্যাম্পাস যেন থমকে গেছে আজ। ক্যাম্পাস বন্ধ থাকায় তিন মাস ধরে বাড়িতে আছি। ঘড়ির কাঁটা যেন আটকে গেছে। আগে সময় কীভাবে যেত টেরই পেতাম না। আর এখন সময় যেন যেতেই চায় না। শুয়ে–বসে বন্ধুদের সঙ্গে অনলাইনে আড্ডা দেওয়া আর বাড়িতে শর্ট পিচে মাঝেমধ্যে ক্রিকেট খেলা হলেও ক্যাম্পাসের আড্ডা আর খেলাধুলার সেই মজাটা এখানে পাই না। এখন তো মনে হয় কত যুগ ধরে যেন ক্যাম্পাসে যাই না। বন্ধুদের সঙ্গে বিজয় চত্বরে আড্ডা হয় না। টেনিস গ্রাউন্ডে বা কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেট, ফুটবল খেলা হয় না। কতদিন হলো ভুট্টো ভাইয়ের খিচুড়ি, পরোটা খাই না। রাজ্জাক মামার চা পান করা হয় না। যদিও ভুট্টো ভাইয়ের অস্বাস্থ্যকর খাবার খেয়ে বেশ কয়েকবার আমি অসুস্থ হয়েছি। রাজ্জাক মামার চা মুখে দিয়ে কত বার যে ওয়াক থু...করে ফেলে দিয়েছি তার ইয়ত্তা নেই! কিন্তু আজ আমি সেই ভুট্টো ভাইয়ের খিচুড়ি, পরোটা খেতে চাই, রাজ্জাক মামার চা-ও পান করতে চাই।

ক্যাম্পাসের সঙ্গে গত দেড় বছরের এই সম্পর্কটা হয়তো ক্যালকুলেটরের হিসাবে খুব বেশি লম্বা নয়। তবু এই সময়ের মধ্যেই ক্যাম্পাসের সঙ্গে একটা গভীর মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি। কতটা মায়ায় আবদ্ধ হয়ে গেছি, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই তো এখন ক্যাম্পাস ছেড়ে বাড়িতে কিংবা অন্য কোথাও থাকাটা খুব কষ্টের মনে হয়। আজকাল খুব বেশি মিস করি প্রিয় ক্যাম্পাসকে। এখন খুব করে মুখিয়ে আছি কবে ফিরব সেই নীড়ে।

*শিক্ষার্থী, ঢাকা কলেজ। [email protected]