কবে বাড়ি যাইমু?

‘আমার বন্ধুরা সব্বাই ইশকুলে যাইতাছে। আমি হসপিটালে শুইয়্যা আছি। বার্ষিক পরীক্ষাও দিবার পারুম না। আমি বাড়ি যাইতে চাই। কিন্তু কবে যাইমু কইতে পারতাছি না।’ বলছিল নয় বছরের সুমি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিছানায় শুয়ে এই প্রতিবেদকের কাছে কথাগুলো বলছিল সে। হরতালের আগুনে পোড়া এই শিশুটি এখন বাড়ি ফিরতে চাইছে। সেখানকার চিকিত্সক জানালেন, ১০ শতাংশ পুড়লেই শিশুদের জীবনহানি হতে পারে, সুমির পুড়েছিল ১২ শতাংশ। তার পরও সুমির অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত।
সুমির মতো হরতালের আগুনে পোড়া মোট ১৪ জন আজ বৃহস্পতিবার পর্যন্ত বার্ন ইউনিটে চিকিত্সা নিচ্ছেন। বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক পার্থ শংকর পাল প্রথম আলো ডটকমকে জানান, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে হরতালের বোমা আর আগুনে পোড়া ৬২ জন রোগী বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গুরুতর আহত ছয়জন মুকুল, মনির, নাসিমা, কাশেম, মন্টুপাল ও আসাদ গাজী মারা গেছেন।
এখনো আশঙ্কামুক্ত নন আল আমিন
৫ নভেম্বর হরতালে মারাত্মকভাবে পুড়ে যাওয়া আল আমিন এখনো বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সা নিচ্ছে। সেখানকার চিকিত্সকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। কিশোর আল আমিনের শরীরের ৩৮ শতাংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। ৫ নভেম্বর হরতালের সময় রাজধানীর জিগাতলায় হরতাল-সমর্থকদের দেওয়া আগুনে পুড়ে বার্ন ইউনিটে ভর্তি হয় আল আমিন। চিকিত্সক পার্থ শংকর পাল জানান, আল আমিনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
সুমি-রহিমার অবস্থা বেশ ভালো
হরতালে গাজীপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে যাওয়া নয় বছরের শিশু সুমি ও তার দাদি রহিমা বেগমের (৫০) অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানালেন চিকিত্সকেরা। ৪ নভেম্বর হরতালের দিন নেত্রকোনার দুর্গাপুর থেকে ঢাকায় বেড়াতে আসার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাসের ভেতর ককটেল নিক্ষেপ করে এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রহিমার শরীরের ১৫ ও সুমির ১২ শতাংশ পুড়ে যায়। গত ১৫ দিনের চিকিত্সায় সুমি ও রহিমার অবস্থা এখন স্থিতিশীল বলে জানান চিকিত্সকেরা।
সুমির মা রুবিনা বেগম সুমির শারীরিক অবস্থা ভালোর দিকে যাওয়ায় বেশ খুশি। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, সবার সহায়তায় ভালো চিকিত্সা পাচ্ছি। শুরুতে আর্থিক সমস্যা থাকলেও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থিক সহায়তায় সে সংকট কেটে গেছে বলেও জানান।
একই কথা জানান রহিমার মেয়ে হালিমা বেগম। নিজের মা ও ভাইয়ের মেয়ে সুমির শারীরিক অবস্থার উন্নতি তাঁদের আশাবাদী করে তুলেছে। খুব শিগগির বাড়ি যেতে চান তাঁরা। রহিমা বেগমও কয়েক দিন ধরে বাড়ি যাওয়ার কথা বলছেন। তবে চিকিত্সার স্বার্থে তাঁদের ছাড়া হচ্ছে না বলে জানালেন সেখানকার চিকিত্সকেরা। নেত্রকোনা ফিরে গেলে ড্রেসিং, ওষুধ এসব নিয়ে সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করেন তাঁরা।
রহিম ফিরতে চান স্বাভাবিক জীবনে
ফুলের ব্যবসা করতেন রহিম। পাঁচ ভাইবোনের সবার বড় রহিমের আয়ে চলে তাঁদের সংসার। ১২ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তাঁর শরীরের ৩৭ শতাংশ পুড়ে যায়। রহিমের বোন নাসিমা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এ অবস্থা নিয়ে আশঙ্কার মধ্যে ছিলেন। চিকিত্সার ব্যয় আর পরিবার কীভাবে চলবে সে চিন্তায় ঘুম হয়নি। কিন্তু সবার সহায়তায় চিকিত্সার দুশ্চিন্তা চলে গেছে বলে জানান তিনি। এখন তাঁরা চান তাঁদের ভাই যেন দ্রুত সেরে উঠে কাজে লেগে যেতে পারেন। বোনের কথায় মাথা নেড়ে সায় দিলেন রহিমও।
ক্ষোভ অমানবিক হরতালকারীদের ওপর
মেহেরপুরের হোটেলশ্রমিক রানা খান প্রথম দিন থেকে বসে আছেন স্ত্রীর শয্যাপাশে। ১১ নভেম্বর মেহেরপুরে হরতাল-সমর্থকেরা একটি ইজিবাইকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে আহত হন তাঁর স্ত্রী মুনিয়া। ১৪ নভেম্বর ঢাকায় নিয়ে আসা হয় শরীরের ২৫ শতাংশ পুড়ে যাওয়া মুনিয়াকে। এক সপ্তাহের চিকিত্সায় তাঁর অবস্থার বেশ উন্নতি হয়েছে বলে জানান চিকিত্সকেরা। এ অবস্থায় বেশ খুশি রানা। তবে ক্ষোভ হরতালকারীদের ওপর। বলেন, অমানবিক এই হরতালে ইচ্ছে করে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া! সেখানে যে একজন নারী রয়েছেন, সেটাকেও তারা সম্মান করল না!’
অন্যরাও ভালোর দিকে
এ ছাড়া বার্ন ইউনিটে আরও চিকিত্সা নিচ্ছেন মিঠু, হারুন, কামাল হোসেন, শিমুল, রোকন, শুভ, তারেক, কবীর, আবদুল মান্নান। তাঁদের প্রত্যেকেরই শরীরের ১০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে। তবে চিকিত্সকেরা জানিয়েছেন, এখন সবারই অবস্থা ভালোর দিকে।