কবে হবে কলাকান্দা সেতু!
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেদপুর-শাহজাদপুর রাস্তায় ঝাপর বিলের কলাকান্দা ডোবায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। কয়েক কোটি টাকা ব্যয় করে এলজিইডি বিলের দুই পারের রাস্তা পাকা করছে। কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে সেতু না হওয়ায় অন্ততপক্ষে ৫০ হাজার মানুষের যাতায়াত এবং কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ঝাপর বিলে সরেজমিন গিয়ে জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেদপুর থেকে শাহজাদপুর পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য মাত্র চার কিলোমিটার। একটি সেতু না হওয়ায় কলাকান্দা ডোবার পূর্বপারের কলাকান্দা, দপরপাড়া, পূর্ব দপরপাড়া, শাহজাদপুর, তেঁতুলতলী, আকন্দপাড়া ও ঘাড়িরপাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দেওয়ানগঞ্জ উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ডোবার দুই পারে পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে। ডোবা পার হয়ে ঝালর চর হাট, কলাকান্দা হাট ও কাঠারবিল হাটবারে এই রাস্তায় ধান, পাট ও অন্যান্য কৃষিপণ্য পরিবহন এবং যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রসূতি রোগীসহ মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো যায় না। বিলের ওপারে দুটি উচ্চবিদ্যালয়, ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় কার্যদিবসে অনেক কষ্ট করে যাতায়াত করে থাকে।কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফসানা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমাদের এবং এ এলাকার মানুষের দুর্ভোগের কথা বলে শেষ করা যাবে না। বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হয়। পানি কমতে থাকলে নৌকা চলে না। কয়েক মাস ধরে হাঁটু পানিতে হেঁটে পার হতে হয়। এতে দুবার পরনের কাপড় ভিজে যায়। এ এলাকার সবাই দীর্ঘদিন ধরে এই কষ্ট সহ্য করে যাতায়াত করছে। দুই পারে পাকা রাস্তা হয়ে গেছে অনেক আগেই। প্রত্যন্ত গ্রামের মানুষের এ সমস্যা সমাধানে সরকারের জরুরি দৃষ্টি দেওয়া দরকার।স্থানীয় ব্যবসায়ী আবু সাঈদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা কলাকান্দা ডোবায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি। জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে এখানে একটি সেতু নির্মাণ করা খুব জরুরি।’দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাছেদপুর থেকে শাহজাদপুর পর্যন্ত রাস্তাটির পাকাকরণ কাজ চলছে। এর মাঝে কলাকান্দা ডোবায় একটি সেতু নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। প্রত্যন্ত গ্রামের মানুষের যাতায়াতে দুর্ভোগের কথা বিবেচনা করে কলাকান্দা ডোবায় ১৫০ মিটার দীর্ঘ একটি এলবিসি সেতু নির্মাণের প্রকল্প এলজিইডির সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।