কবে হবে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অধিদপ্তর হচ্ছে—এ কথা ২০১০ সাল থেকে বলছে সরকার। তবে সেই অধিদপ্তর এখনো আলোর মুখ দেখেনি। কবে এটি বাস্তবায়িত হতে পারে, তা-ও স্পষ্ট নয়। এ-সংক্রান্ত প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ে আছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সেবা দেওয়া এবং তাদের অধিকার রক্ষার কার্যক্রম জোরদার করতে পৃথক অধিদপ্তর গঠনের দাবি করে আসছেন অধিকারকর্মীরা। ২০১০ সালের আগস্ট মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দেয়। গত ২ এপ্রিল অটিজম দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিদপ্তর হচ্ছে, তা আবার আনুষ্ঠানিকভাবে জানান।

এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম প্রথম আলোকে বলেন, অধিদপ্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। প্রক্রিয়া মাঝখানে খানিকটা ঝিমিয়ে গেলেও প্রধানমন্ত্রীর ঘোষণার পর আবার দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে। তবে কবে নাগাদ অধিদপ্তর আলোর মুখ দেখবে, তা বলা যাচ্ছে না।

২০১০ সালের আগস্ট মাসে সংস্থাপন মন্ত্রণালয় এক চিঠিতে অধিদপ্তরের বিষয়ে সম্মতি দেয়। সেই চিঠিতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিলুপ্তি সাপেক্ষে একে অধিদপ্তরে রূপান্তর করার কথা বলা হয়। এতে ফাউন্ডেশনের আওতাভুক্ত প্রতিষ্ঠান, জনবল, অফিস সরঞ্জাম ইত্যাদি নতুন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে একীভূত করার কথা বলা হয়েছে। এ ছাড়া রূপান্তরিত অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে নতুনভাবে ৩৭৩টি পদ সৃষ্টি, পাঁচটি জিপ ও একটি মাইক্রোবাস অন্তর্ভুক্ত করা এবং ফাউন্ডেশনের উদ্বৃত্ত জনবলকে অধিদপ্তরে আত্তীকরণেও সম্মতি দেয় মন্ত্রণালয়। চিঠিতে অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত আনুষ্ঠানিকতা পালন, অর্থ বিভাগের তরফ থেকে বেতন স্কেল ভেটিং করানো, প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনসহ মোট সাতটি শর্ত দেওয়া হয়।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর প্রথম আলোকে বলেন, ফাউন্ডেশনকে অধিদপ্তর করার প্রক্রিয়া অর্থ বিভাগে চূড়ান্ত পর্যায়ে আছে। অর্থ বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সচিব কমিটি ও মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেতে হবে।

এদিকে আলাদা অধিদপ্তর করা হলে তা প্রতিবন্ধীদের উন্নয়নের চেয়ে বরং কার্যক্রম এক জায়গায় কেন্দ্রীভূত করে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান। তাঁর মতে, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয় প্রতিবন্ধীদের দায়দায়িত্ব না নিয়ে অধিদপ্তরের কাছে পাঠিয়ে দিতে পারে।