কবে হবে স্কুল, পড়ালেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনারচর গ্রামের চারপাশে মেঘনা নদী। সেখানে বসবাস করছে ৭০০ পরিবার। এসব পরিবারে ৬-১১ বছর বয়সী ৬৭০ জন শিশু রয়েছে। তাদের জন্য সরকারি কোনো বিদ্যালয় নেই।
স্থানীয় একটি বেসরকারি সংস্থা ১২০ জন শিশুর প্রাক্-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় ৩১ ডিসেম্বরের পর সেটিরও কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে। এ অবস্থায় শিশুদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গ্রামটি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। মেঘনার ভাঙনে নিঃস্ব মানুষ ২০০০ সালে এই চরে বসতি গড়েন। দাতা সংস্থা অক্সফাম নবিব নেদারল্যান্ডের সহায়তায় স্থানীয় বেসরকারি সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ২০০৭ সাল থেকে মাঝেরচরে প্রাক্-প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করে। চারটি বিদ্যালয়ের মাধ্যমে ১২০ জন শিশুকে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। বিদ্যালয় না থাকায় বাকি ৫৫০ জন শিশু শিক্ষাসুবিধা বঞ্চিত হচ্ছে। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় ৩১ ডিসেম্বরের পর এসডিএস ওই গ্রামে আর শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে না বলে জানিয়েছে।
মাঝেরচর গ্রামের জেলে মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে মিজানুর রহমান। বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, কিন্তু পড়ালেখায় অনেক আগ্রহ। সে প্রতিদিন এসডিএসের প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের জানালার পাশে দাঁড়িয়ে পড়া শিখত। বিষয়টি ওই বিদ্যালয়ের শিক্ষক জাহানারা বেগমের নজরে আসে। তিনি শিশুটিকে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করেন।
জাহানারা বেগম বলেন, ‘বিদ্যালয়ে তেমন পারিশ্রমিক পাই না। তার পরও উত্তাল মেঘনা পাড়ি দিয়ে প্রতিদিন আসি। শিশুদের আলোর পথে হাঁটা শেখাই। কয়েক জন শিশুকে আমরা পড়াতে পারি। অন্য শিশুরা যখন বিদ্যালয়ের বারান্দায় এসে দাঁড়ায়, তখন অনেক কষ্ট হয়।’
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান বলে, ‘আমরা পড়ালেখা করতে চাই। আমাদের একটি বিদ্যালয় চাই। পড়ালেখা বন্ধ হয়ে গেলে নৌকা ও জাল নিয়ে নদীতে নামতে হবে।’
এসডিএসের নির্বাহী পরিচালক মজিবুর রহমান বলেন, অক্সফাম নবিবের কাপ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলায় ১৪টি বিদ্যালয়ের মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৩১ ডিসেম্বর বিদ্যালয়গুলো বন্ধ করে দিতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, বিদ্যালয় না থাকায় সাত শতাধিক শিশু পড়ালেখা করতে পারছে না—এমন খবর পেয়ে ৩ ডিসেম্বর জেলা প্রশাসকের সঙ্গে তিনি ওই চর পরিদর্শনে গিয়েছিলেন। ওই চরে একটি বিদ্যালয় স্থাপনের জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।