দেশের অন্যান্য এলাকার মতো গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ার প্রভাব যশোরের মানুষের ওপরও পড়েছে। মাত্র ছয় মাসের ব্যবধানে এখানে প্রতি সিলিন্ডারের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা বেড়েছে।গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ায় মধ্যবিত্ত ও কম আয়ের মানুষের সমস্যা হচ্ছে বেশি। বাড়তি আয় না থাকায় এবং চাল, ডাল, মাছসহ অন্যান্য সামগ্রীর দাম বাড়ায় অনেকেই গ্যাসের সিলিন্ডার কিনতে পারছেন না। আবার অনেকে গ্যাস কিনতে হয় বলে সংসারের অনেক খাতের খরচ কমিয়ে দিয়েছেন।সিলিন্ডারের গ্যাস ডিলারদের সূত্রে জানা গেছে, যশোর জেলায় প্রতিমাসে অন্তত ছয় হাজার গ্যাসের সিলিন্ডারের চাহিদা রয়েছে। এর মধ্যে যশোর শহরেরই চাহিদা সাড়ে চার হাজার।ডিলারদের সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থেকে প্রতি মাসে যশোর জেলার জন্য ৬০০ থেকে ৭০০ সিলিন্ডার গ্যাস সরবরাহ করা হয়, যা চাহিদার মাত্র ১০ শতাংশ। এ ছাড়া সরকারি গ্যাসের সিলিন্ডার টোকেনের মাধ্যমে সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকদের দেওয়ার পর বাকিগুলো ডিলাররা বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারের দামে বিক্রি করেন। এ জন্য এ জেলার মানুষকে বেসরকারি প্রতিষ্ঠানের গ্যাসের সিলিন্ডার চড়া দামে কিনতে হচ্ছে। বিপিসির প্রতিটি গ্যাসের সিলিন্ডার বর্তমানে যশোরের বিভিন্ন দোকানে ৭৫০ টাকায় বিক্রি হয়। আর বেসরকারি বসুন্ধরা, টোটাল ও ক্লিনহিটের প্রতিটি সিলিন্ডার এক হাজার ৫৫০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।গত বছরের সেপ্টেম্বর মাসে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিটি গ্যাসের সিলিন্ডার এক হাজার ২১০ টাকা, ডিসেম্বরে এক হাজার ২৬০, চলতি বছরের জানুয়ারি মাসে এক হাজার ৩৩০, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এক হাজার ৪০০ ও শেষ সপ্তাহে এক হাজার ৫০০ এবং মার্চের প্রথম সপ্তাহে আরও ৭০ টাকা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭০ টাকা।শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার একজন গৃহিণী বলেন, তাঁর দুই ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েন। স্বামী ব্যাংকে চাকরি করেন। বাড়িভাড়ার কিছু টাকা আর তাঁর স্বামীর মাসিক বেতনের টাকা দিয়েই সংসারের যাবতীয় খরচ মেটাতে হয়। এতে সংসার চালাতে গিয়ে তাঁকে হিমশিম খেতে হচ্ছে।শিক্ষক গাজী গোলাম মোস্তাফা বলেন, গ্যাসের সিলিন্ডারসহ অন্যান্য জিনিসের দাম বাড়ায় জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে। সরকার এদিকে নজর না দিলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হবে। সম্প্রতি এই প্রতিবেদক বিপিসির গ্যাসের ডিলার করিম ফিলিংয়ে সরকারি গ্যাস কিনতে গেলে ব্যবস্থাপক মিজানুর রহমান জানিয়ে দেন ডিসি, জেলা জজ কিংবা মুক্তিযোদ্ধা সংসদের টোকেন লাগবে। তাই বাধ্য হয়ে সরকারি গ্যাস বেসরকারি গ্যাসের দামে কেনেন এই প্রতিবেদক।ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘আমাদের কিছুই করার নেই। তিনটি প্রতিষ্ঠানের (পদ্মা, মেঘনা ও যমুনা) ডিলারশিপ পাওয়ায় আমি প্রতিমাসে ৩০ সিলিন্ডার গ্যাস পাই। এগুলোর প্রায় সবই কোটা পদ্ধতিতে বিতরণ করা হয়।’ বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির উপদেষ্টা সৈয়দ সাজ্জাদুল করিম বলেন, বিপিসির তিনটি প্রতিষ্ঠান ৫০ থেকে ৬০ জন ডিলারের মাধ্যমে যশোরে চাহিদার ১০ শতাংশ গ্যাস সরবরাহ করে। এর মধ্যে প্রশাসনিক কর্মকর্তাদের ১০০ ও মুক্তিযোদ্ধাদের জন্য ১১০ বোতলের (সিলিন্ডার) কোটা সংরক্ষণ করা হয়। বাদবাকি গ্যাস ডিলাররা নিজেদের জন্য রাখেন।সাজ্জাদুল করিম আরও বলেন, বিপিসিতে গ্যাসের খালি বোতলের তীব্র সংকট রয়েছে, যার জন্য গ্যাস থাকলেও কোম্পানিগুলো তা বোতলজাত করতে পারছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবাসিক গ্রাহক, বিদ্যুতের প্লান্ট ও শিল্প-কারখানায় গ্যাসের সংযোগ দেওয়ার লক্ষ্যে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের আওতায় কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, বাগেরহাট, খুলনা জেলা শহর ছাড়াও নওয়াপাড়া ও মংলা শিল্পাঞ্চল রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ নেটওয়ার্ক নামে ৫৩০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে সুন্দরবন গ্যাস কোম্পানি এবং উচ্চচাপসম্পন্ন গ্যাস সঞ্চালন লাইন স্থাপন প্রকল্পের ১০০ কোটি ৪৬ লাখ টাকার প্রকল্পের দায়িত্ব গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল)। দক্ষিণ-পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ নেটওয়ার্কের প্রকল্প পরিচালক রেজাউল বলেন, ২০১০ সালের জানুয়ারি মাস থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে কাজ শেষ করার কথা রয়েছে। পাইপলাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।