কম ওজনও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের সময় ছোট শিশু অথবা ছোট হয়ে জন্ম নেওয়া শিশু পরিণত বয়সে স্থূল হলে তাঁদের ডায়াবেটিসের ঝুঁকি বেশি। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতার হোসেন এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার ডায়াবেটিস সেবা শক্তিশালীকরণবিষয়ক ওই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, অসলো বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন।আকতার হোসেন বলেন, ডায়াবেটিস থেকে দূরে থাকতে হলে শরীরের ওজন ঠিক রাখা দরকার। স্থূল মানুষের ঝুঁকি যেমন বেশি, তেমনি যাদের ওজন কমছে, তাদেরও ঝুঁকি আছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, প্রয়োজনের তুলনায় শরীরের ওজন কম হলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।১৯৯৯-২০০৯ সালের মধ্যে গাজীপুরের চন্দ্রা এলাকার এক গবেষণার উপাত্ত তুলে ধরে আকতার হোসেন বলেন, শহরের মতো গ্রামেও ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ৪০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিস বৃদ্ধির হার বেশি।এ কে আজাদ খান বলেন, উন্নত বিশ্বের চেয়ে বাংলাদেশে রোগী শনাক্ত করার হার বেশি। ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের জন্য ফিরে ফিরে সেবা নেওয়া (ফলোআপ) ও রোগীর ইতিহাস সংরক্ষণের দরকার হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, ডায়াবেটিক সমিতির নেটওয়ার্কের বাইরে আছে দেশের ৭৫ শতাংশ রোগী।অনুষ্ঠানে জানানো হয়, আকতার হোসেন এবং এ কে আজাদ খান প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের যথাক্রমে ভাইস প্রেসিডেন্ট ও সদস্য নির্বাচিত হয়েছেন।