কম খরচে তুলা চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা
কম খরচে তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য রংপুরে গতকাল শনিবার কর্মশালা অনুষ্ঠিত হয়। রংপুর নগরের একটি রেস্তোরাঁয় এই কর্মশালার আয়োজন করা হয়।
তুলা উন্নয়ন বোর্ডের ঢাকার প্রধান কার্যালয়ের নিবিড় তুলাচাষ কর্মসূচির আওতায় ‘স্বল্প পানি ব্যবহার করে উত্তরাঞ্চলে তুলা উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা এবং কৌশল নির্ধারণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতা করেছে তুলা উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চল। রংপুর বিভাগের ২০০ কৃষক এই কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পুলক রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক প্রতীপ কুমার মণ্ডল, তুলা উন্নয়ন বোর্ডের (গবেষণা ও সম্প্রসারণ) অতিরিক্ত পরিচালক আখতারুজ্জামান, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক তাসকিদুর রহমান, তুলা উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ জিল্লুর রহমান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. ফরিদ উদ্দিন।
নীলফামারীর তুলাচাষি হানিফ সরকার বলেন, ‘আমি ১০ বছর ধরে তুলা চাষ করছি। তামাকের বদলে তুলা চাষে লাভও ভালো আর চাষিকে সরকারিভাবে উৎসাহিত করা হয়। তাই প্রতিবছর তুলা চাষ করছি।’ রংপুর নগরের ধর্মদাস এলাকার তুলাচাষি শাহ আলম বলেন, তুলা চাষে বাড়তি সেচ বা সারও প্রয়োগ করতে হয় না। খরচও কম। আবার বিক্রিও হয়ে যায় সহজে।
প্রধান অতিথি পুলক রঞ্জন সাহা বলেন, তুলা চাষে পানি তুলনামূলক অনেক কম ব্যবহার করতে হয়। এ ছাড়া আঁশ তুলা থেকে যেমন সুতা, কাপড়, লেপ-তোশক ইত্যাদিতে ব্যবহার করা যায়, তেমনি তুলাবীজ থেকে মাছের খাদ্য, গোখাদ্য ও জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। তাই তুলার চাহিদা সব সময়ই থাকে। তুলা চাষে উদ্বুদ্ধ করতে বোর্ডকে সহায়তা করা হবে।