কম খরচে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করুন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে টিউশন ফি নির্ধারণের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি এ সময় দরিদ্র শিক্ষার্থীদের কম খরচে মানসম্মত উচ্চশিক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব আরোপ করেন। খবর বাসসের।প্রতিনিধিদলে ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য আবদুল মতিন পাটোয়ারী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আবু তাহের ও সদস্য কাইয়ুম রেজা চৌধুরী।রাষ্ট্রপতি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য নিজস্ব ভৌত অবকাঠামো, পূর্ণকালীন শিক্ষক, গবেষণাগার, লাইব্রেরি, খেলাধুলার সুযোগসহ তথ্যপ্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ।প্রতিনিধিদলের সদস্যরা আগামী মার্চে ঢাকার গ্রিন রোডে তিন বিঘা জমির ওপর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তাঁরা রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি এতে সম্মতি দেন।