
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদাম গ্রামে কৃষকেরা নিজস্ব পদ্ধতিতে জমিতে সেচ দিচ্ছেন। পানির সংকট দূর করতে তাঁরা মাটির ভেতর পাইপ ঢুকিয়ে সাব-মার্সিবল পাম্প দিয়ে পানি তোলার ব্যবস্থা করেছেন। এতে সেচ খরচ অনেক কম হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন।
লাঠিদাম গ্রামের কয়েকজন কৃষক জানান, ১৯৯৮ সালের আগে ওই গ্রামের প্রায় ১০০ বিঘা জমিতে কৃষকেরা শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে সেচ দিতেন। সে সময় জমিতে তাঁরা ধানের পাশাপাশি রবিশস্যও আবাদ করতেন। ওই বছর গ্রামের এক ব্যক্তি ফসলের মাঠে বৈদ্যুতিক গভীর নলকূপ স্থাপন করেন। পরের বছর থেকে মাঠের পানির স্তর নামতে থাকে। তিন-চার বছরের মধ্যে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে পানি ওঠানো বন্ধ হয়ে যায়। আর গভীর নলকূপের মালিক ধান ছাড়া রবিশস্যের আবাদে পানি দিতে অস্বীকৃতি জানান। এরপর প্রায় ১০ বছর ওই মাঠের প্রায় ৮০ বিঘা জমিতে রবিশস্যের চাষাবাদ বন্ধ থাকে। কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েন।
সেচের সমস্যা থেকে মুক্তির পথ খুঁজতে থাকেন কৃষকেরা। বর্তমানে বিদ্যুৎচালিত একটি গভীর নলকূপ বসাতে ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হয়। বিদ্যুতের সংযোগ নিতেও অনেক সময়ের প্রয়োজন। আর্থিক সংগতি না থাকায় উপায় পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় কৃষক সানারুল, খোরশেদ, মোকসেদুল আলম, এনামুল হক ও মোতালেব হোসেন মাটি থেকে পানি তোলার একটা উপায় বের করেন। এক মাস আগে গ্রামে সভা করে ৪৭ জন কৃষককে এটা জানানো হয়। এটাকে সবাই উপযুক্ত বলে মত দেন। পরে তাঁরা মাটিতে গর্ত করে ৮ ইঞ্চি ব্যাসের ৮০ ফুট পাইপ এবং ৬ ইঞ্চি ব্যাসের ৫০ ফুট ফিল্টার পাইপ ঢোকান। এরপর পাইপের ভেতর পাঁচ অশ্বশক্তির সাব-মার্সিবল পাম্প নামানো হয়। এরপর ডিজেলচালিত জেনারেটর দিয়ে তাতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। এতে খরচ হয় প্রায় সোয়া দুই লাখ টাকা। সম্প্রতি কৃষকেরা চালু করেন নিজেদের উদ্ভাবন করা সেচ দেওয়ার নতুন যন্ত্রটি। প্রয়োজনীয় পানি উঠতে থাকে। কৃষকেরা নেমে পড়েন চাষাবাদে।
সানারুল ইসলাম জানান, তাঁদের উদ্ভাবিত যন্ত্রে সেচ খরচ অর্ধেকে নেমে আসবে। বর্তমানে নবাবগঞ্জসহ পাশের উপজেলাগুলোতে বিদ্যুৎচালিত গভীর নলকূপের মাধ্যমে প্রতি বিঘায় এক মৌসুমে (চার মাস) সেচ দিতে খরচ হয় ১ হাজার ২০০ টাকা। নতুন পদ্ধতিতে খরচ পড়বে সর্বোচ্চ ৬০০ টাকা। বিদ্যুতের সংযোগ পেলে এ খরচ আরও কমবে।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামিম হোসেন সম্প্রতি লাঠিদাম গ্রাম পরিদর্শন করেন। কৃষকদের উদ্ভাবিত যন্ত্রটি দেখে তিনি প্রথম আলেকে বলেন, পদ্ধতিটি নতুন। তবে সেচ খরচ কম হবে কি না, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে বিদ্যুতের সংযোগ পেলে খরচ কম হবে বলে তিনি জানান।
দিনাজপুর-৬ আসনের সাংসদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক বলেন, লাঠিদামের কৃষকদের জন্য দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করা হবে।