কম খাওয়াও এক ধরনের রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আকর্ষণীয় ফিগারের অধিকারী হতে অনেকেই ক্র্যাশ ডায়েট শুরু করেন। অনেক সময় এটা অবসেশনের পর্যায়ে চলে যায়। তখন আক্রান্ত ব্যক্তি খাওয়াদাওয়া প্রায় ছেড়েই দেন। ওজনও কমতে থাকে দ্রুত। তখন আর চেষ্টা করেও ওজন কমা নিয়ন্ত্রণে আনা যায় না। খাওয়ার ইচ্ছাই চলে যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এমন দশাকে বলে অ্যানোরেক্সিয়া নার্ভোসা।
অ্যানোরেক্সিয়া একটি জটিল মনোদৈহিক রোগ। এই রোগে আক্রান্ত হলে দীর্ঘ মেয়াদের চিকিৎসার প্রয়োজন। বিনা চিকিৎসায় রোগীকে ছেড়ে দেওয়া হলে জীবনের ঝুঁকিও তৈরি হয় অনেক সময়। কিন্তু ডায়েট যাঁরা করছেন, সবাই যে এই রোগে আক্রান্ত, তা বলা যাবে না। জানতে হবে কারা এই রোগে বেশি আক্রান্ত হয়? এই রোগের সুনির্দিষ্ট লক্ষণগুলোই বা কী? আসুন সেসব আগে জেনে নেওয়া যাক।
কারা আক্রান্ত হয়: গবেষণায় দেখা গেছে, কম বয়সী মেয়েদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি। অল্পবয়স্ক মেয়েরা রোগা হওয়ার বাসনা থেকেই এমন রোগে আক্রান্ত হয়। একপর্যায়ে খাওয়ার ইচ্ছা সম্পূর্ণই চলে যায়। তখন অনেক সময় জোর করে নাকে নল ঢুকিয়ে খাওয়াতে হয়। না খাওয়া এবং ওজন কমে যাওয়ার জন্য আক্রান্ত ব্যক্তি কোনো রকম অসুবিধা বোধ করে না বলে দাবি করে। স্বাভাবিক কাজকর্মও চালিয়ে যায়।
রোগের লক্ষণ
১. আক্রান্ত রোগীর ওজন অনেক সময় স্বাভাবিকের চেয়ে ২৫ ভাগ কমে যায়।
২. রোগী কোনো খাবার খেতে চায় না।
৩. খাবারে অস্বাভাবিক অনীহা ছাড়া শরীরে আর কোনো অসুবিধা বোধ করে না।
৪. অনেক সময় রোগী নিজেকে রোগা নয়, মোটাই মনে করে।
৫. নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়।
৬. হৃৎস্পন্দন ও রক্তচাপ কমে যায়।
৭. রক্তশূন্যতা দেখা দেয়।
৮. ত্বক খসখসে হয়ে পড়ে।
জটিলতা: আক্রান্ত রোগীদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায় বলে নানা রোগে আক্রান্ত হয়। পাশাপাশি রোগী হাড়ের রোগ অস্টিওপোরোসিস ও হৃদ্রোগে আক্রান্ত হতে পারে। এই রোগকে হালকাভাবে দেখা উচিত নয়। কেবল মনের রোগ বলে ফেলে রাখা উচিত নয়।
চিকিৎসা: কোনো নির্দিষ্ট ওষুধের সাহায্যে এই রোগ নিরাময় সম্ভব হয় না। এ জন্য রোগীর কাউন্সেলিং প্রয়োজন। চিকিৎসার মূল উদ্দেশ্য ধীরে ধীরে রোগীর ওজন বাড়ানো। প্রতি সপ্তাহে অন্তত এক কেজি ওজন বাড়ানোর চেষ্টা করা উচিত। এটি অবশ্য খুব সহজ নয়। এতে সফল হতে হলে প্রথমেই চিকিৎসককে রোগীর আস্থা অর্জন করতে হবে। প্রয়োজনে মনোচিকিৎসকের পরামর্শ নিতে হবে।
লেখক, প্রধান পুষ্টি কর্মকর্তা
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল