কম গুরুত্বপূর্ণ প্রকল্পে হাজার হাজার কোটি টাকা নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একের পর এক উড়ালসড়ক হচ্ছে, কিন্তু পথচারীদের জন্য ফুটপাতের ব্যবস্থা নেই। নগর মহাপরিকল্পনা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কারণে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে।
‘নগর পরিস্থিতি: বাসযোগ্য চট্টগ্রামের জন্য শাসনব্যবস্থা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গবেষণাটি পরিচালনা করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের মহাপরিকল্পনায় অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোকে উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। নগরের শাসনব্যবস্থার আরেকটি দুর্বলতা হচ্ছে, অর্থ-সহায়তার জন্য কেন্দ্রীয় শাসনব্যবস্থার ওপর অতিনির্ভরতা। চট্টগ্রাম সিটি করপোরেশনের বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, কেন্দ্র থেকে বরাদ্দকৃত অর্থ প্রয়োজনের তুলনায় অনেক কম। অর্থ বরাদ্দের ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) সিটি করপোরেশনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গত পাঁচ বছরে সিডিএর জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪ হাজার ৪০০ কোটি টাকা। অথচ গত চার বছরে সিটি করপোরেশন বরাদ্দ পেয়েছে মাত্র ৩৪৮ কোটি টাকা। সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন কাসেম খান, চট্টগ্রাম পরিকল্পিত ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান, স্থপতি জেরিনা হোসেন এবং বিআইজিডির রাজনীতি, গণতন্ত্র ও শাসন পদ্ধতির প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনের অংশবিশেষ উপস্থাপন করেন বিআইজিডির রিসার্চ ফেলো এম শহীদুল ইসলাম। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, চট্টগ্রামের জন্য ১৯৬১, ১৯৬৫ ও ১৯৯৫ সালে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। কিন্তু একটিও বাস্তবায়ন করা হয়নি। বরং পরিকল্পনার সাথে সম্পর্কহীন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার কারণে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। এসব প্রকল্প কোথায় নিয়ে যাবে, তার কোনো হিসাব নেই। পরিকল্পনার মধ্যে কাজ করলে জনগণ সুফল পাবে।
তোফায়েল আহমেদ বলেন, চট্টগ্রামে পয়োবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নেই। নগরের বর্জ্য সরাসরি মিশে যাচ্ছে খাল ও নদীতে। প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এটি এখন চট্টগ্রামবাসীর স্থায়ী দুঃখ হয়ে গেছে।
বিআইজিডির রিসার্চ ফেলো এম শহীদুল ইসলাম বলেন, সেবাদানকারী ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় তৈরি করতে হবে। নিম্ন আয়ের মানুষদের সেবার আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, অবকাঠামো ও অন্যান্য মূলধনী ব্যয়ের হিসাবে চট্টগ্রাম ঢাকার তুলনায় পিছিয়ে পড়ছে। এই খাতে ঢাকায় যেখানে জনপ্রতি ১১ ডলার ব্যয় করা হয়, সেখানে চট্টগ্রামে তিন ডলার। ভৌত অবকাঠামো ও সেবার অপর্যাপ্ততা চট্টগ্রামের অর্থনৈতিক বাসযোগ্যতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। এ জন্য ঢাকাকেন্দ্রিকতাও দায়ী।
শহীদুল ইসলাম বলেন, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ সাপেক্ষে সিটি করপোরেশনকে এককভাবে ক্ষমতায়িত কর্তৃপক্ষ করতে হবে। কেননা, এটিই নগরবাসীর কাছে একমাত্র দায়বদ্ধ প্রতিষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, নিউইয়র্ক সিটি কেমন হবে, তা চিন্তা করা হয়েছে ২০০ বছর আগে। আমরা চট্টগ্রাম নগর চিন্তা করেছি নন্দনকানন আর ফিরিঙ্গিবাজার দিয়ে। এর বাইরে চিন্তা করিনি। তিনি বলেন, চট্টগ্রাম ও ঢাকা শহরে এখনো বর্জ্য রিসাইক্লিংয়ের ব্যবস্থা করা হয়নি। সিটি করপোরেশন এগুলো নিচু কোনো জায়গায় নিয়ে ফেলে। কোনো বাসযোগ্য শহরে এগুলো হয় না।
মন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম থেকে বেশি রাজস্ব দেওয়া হয়। তাই চট্টগ্রামে মাসে না হোক, অন্তত ছয় মাসে মন্ত্রিসভার একটি বৈঠক যাতে হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে বলব।’
আলোচকের বক্তব্যে স্থপতি জেরিনা হোসেন বলেন, মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়ক এখন লালখান বাজার থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। কিন্তু এটা কাদের স্বার্থে করা হবে? নগরবাসীর কজন বিমানবন্দরে নিয়মিত আসা-যাওয়া করেন? এর অর্থনৈতিক গুরুত্বই বা কতটুকু? তিনি বলেন, চট্টগ্রাম নগরে একের পর এক উড়ালসড়ক হচ্ছে, কিন্তু পথচারীদের জন্য ফুটপাতের কোনো ব্যবস্থা নেই।
অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান বলেন, চট্টগ্রাম নগরের উন্নয়নে বড় প্রকল্প নেওয়ার আগে তা নাগরিকদের কতটা উপকারে আসবেন, তা ভেবে দেখতে হবে। তার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সালাহউদ্দিন কাসেম খান বলেন, চট্টগ্রাম একদিন ঢাকার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গ্যাস-সংকটের কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারী তো দূরে থাক, স্থানীয় বিনিয়োগকারীরা পর্যন্ত বিনিয়োগ করতে পারছেন না। এর সমাধান করতে হবে।