কম ঘুমের তালিকায় বাংলাদেশ শীর্ষে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘুম পাড়ানি মাসি-পিসি আমার দেশে এসো...।’ ঘুমপাড়ানির এ ধরনের হাজারো ছড়াগান আছে বাংলায়। এ ছড়াগানের রেশ যেন সজীব থাকে জীবনের শেষ পর্যন্ত। বাংলার মতো পৃথিবীর সব ভাষায় রয়েছে ঘুম নিয়ে অসংখ্য ছড়াগান। পৃথিবীর তাবৎ মানুষ রাতে অন্তত শান্তিতে ঘুমোতে চায়। কিন্তু বাংলার বালক থেকে বৃদ্ধ—কারও চোখে অনেক শান্তির সেই ঘুম নেই!ঘুম না আসা দেশগুলোর তালিকায় শীর্ষ রয়েছে বাংলাদেশ। এর পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামের নাম। এসব দেশের মানুষের মধ্যে ঘুমের সমস্যা খুবই বেশি। মাঝেমধ্যে এই ঘুম না আসা পশ্চিমা নিদ্রাহীনতার হারকেও ছাড়িয়ে যায়। তবে ভারত ও ইন্দোনেশিয়ার মানুষের মধ্যে ঘুমের সমস্যার হার তুলনামূলক কম।একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ ঘুম নিয়ে এই গবেষণা চালান। স্লিপ নামের জার্নালে এই গবেষণা-সমীক্ষা প্রকাশিত হয়। সমীক্ষায় আফ্রিকা ও এশিয়ার দেশে দেশে নারী-পুরুষের মধ্যে নানা ধরনের ঘুমের সমস্যার উপসর্গের কথা বলা হয়। গবেষণায় বলা হয়, উন্নয়নশীল বিশ্বের ১৫ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই সমস্যায় ভুগছেন। এসব দেশের মধ্যে বাংলাদেশের মানুষের এ সমস্যার হার সবচেয়ে বেশি। ভুক্তভোগীদের ৪৩ দশমিক ৯ শতাংশ হচ্ছে নারী। এই হার উন্নত দেশের তুলনায় দ্বিগুণের বেশি। অন্যদিকে বাংলাদেশে অনিদ্রায় ভোগা পুরুষের হার ২৩ দশমিক ৬ শতাংশ। অনিদ্রার পেছনে রয়েছে উচ্চমাত্রায় উদ্বেগ ও হতাশা।গবেষণায় দেখা যায়, ঘুমের সমস্যার সঙ্গে জনসংখ্যা, জীবনযাত্রার মান, স্বাস্থ্য ও মানসিক অবস্থার মতো বিষয় সম্পর্কিত। নারী ও বেশি বয়স্ক ব্যক্তিদের মধ্যে এ সমস্যা বেশি। এর মধ্যে ধনী দেশও রয়েছে।সেভেরিও স্ট্রেনজেসের নেতৃত্বে এই গবেষণাপত্র তৈরি করা হয়। তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশে ঘুমের সমস্যার মাত্রা প্রচলিত ভাবনার চেয়ে অনেক বেশি। বাসস।