কম জমিতে বেশি ফলনশীল জাতের ধান উদ্ভাবন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম জমিতে বেশি উৎপাদন হয়, এমন জাতের ধান উদ্ভাবনের জন্য কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনের নবনির্বাচিত সভাপতি নীতিশ দেবনাথ ও মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা লোনাসহিষ্ণু জাতের ধান আবিষ্কার করতে সক্ষম হয়েছি। এখন খরা ও বন্যাসহিষ্ণু ধান উদ্ভাবন করতে হবে।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। সাক্ষাৎকালে কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতারা কৃষক ও কৃষিবিদদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, জনগণের খাদ্য ও সামাজিক নিরাপত্তা গড়ে তুলতে হবে। এ লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশে প্রচুর বিনিয়োগ আসছে। বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধির হার সন্তোষজনক।সাক্ষাৎকালে কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতারা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।ভুটানের স্পিকারের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের সব কর্মকাণ্ডে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সফররত ভুটানের জাতীয় পরিষদের স্পিকার শোগপন জিগমে শুলতিন গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ এবং দুই দেশের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেন।