ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে নাটোরের বাফার গুদামে সার পরিবহনের জন্য গত বছর মেট্রিক টনপ্রতি ২৩ টাকা দর দাখিল করা এক ঠিকাদারকে কাজটি দেওয়া হয়। এবার এক ঠিকাদার আট টাকা কমে সর্বনিম্ন ১৫ টাকা ৫০ পয়সা দর দাখিল করেন। এর পরও কারখানা কর্তৃপক্ষ দরপত্র বাতিল করে আবার দরপত্র আহ্বান করেছে।
ওই ঠিকাদারের অভিযোগ, কারখানার শীর্ষ কর্মকর্তার কাঙ্ক্ষিত ঠিকাদার কাজ না পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজশাহীর জার্মান আলী ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত বছর ২৩ টাকা দরে সার পরিবহনের কাজ দেওয়া হয়। এবার নাটোরের সুমন অ্যাগ্রো এন্টারপ্রাইজ লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টনে আট টাকা কম দরদাতা হওয়া সত্ত্বেও ওই ঠিকাদারকে কাজ দেওয়া হয়নি।
সার কারখানা থেকে জানা গেছে, প্রতিবছরের মতো চলতি অর্থবছরে আশুগঞ্জ কারখানা থেকে নাটোর বাফার গুদামে ৯৫ হাজার মেট্রিক টন সার পরিবহনের জন্য গত ৩ মে ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করা হয়। এতে সুমন অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রতি টন সার সর্বনিম্ন ১৫ টাকা ৫০ পয়সা দরে দরপত্র দাখিল করে। প্রতি টন ২৭ টাকা করে দ্বিতীয় সর্বনিম্ন দর দেয় বগুড়ার নিলয় এন্টারপ্রাইজ। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সুমন অ্যাগ্রো এন্টারপ্রাইজকে ঠিকাদার নিয়োগ না দিয়ে দরপত্রটি বাতিল করে ২৪ জুন একটি জাতীয় দৈনিকে আবার বিজ্ঞপ্তি দেয়।
ঠিকাদারেরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষের পছন্দের ব্যক্তি দরে হেরে যাওয়ায় সরকারি স্বার্থ উপেক্ষা করে কৌশলে আবার দরপত্র আহ্বান করা হয়েছে। এতে ঠিকাদার নিয়োগে দেরি হবে। এ কারণে উত্তরাঞ্চলে সার পরিবহনে অচলাবস্থারও সৃষ্টি হতে পারে। বিষয়টি খতিয়ে দেখার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।
বিস্ময় প্রকাশ করে সর্বনিম্ন দরদাতা সুমন অ্যাগ্রো এন্টারপ্রাইজের মালিক আবদুস সালাম বলেন, ‘গতবারের চেয়ে প্রতি মেট্রিক টনে আট টাকা কম দর দিয়েও কাজ পেলাম না। কয়েক বছর ধরে একটি চক্র এই কাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে তাদের নিয়ন্ত্রণে রেখেছে।’
যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আশুগঞ্জ সার কারখানার পরিচালক (বাণিজ্য) মুস্তাফিজুর রহমান বলেন, সর্বনিম্ন দরদাতা হলেও ওই ঠিকাদারকে কাজ দেওয়া যায়নি। মুস্তাফিজুর রহমান দাবি করেন, ওই ঠিকাদারের কাছে কাজের অভিজ্ঞতার নথি চাইলে তিনি তা দিতে পারেননি। তা ছাড়া তিনি অন্যান্য শর্তও পূরণ করতে পারেননি। দ্বিতীয় কম দরদাতাকে কাজ না দিয়ে আবার ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করার বিষয়ে তিনি বলেন, দ্বিতীয়জনের দর প্রাক্কলিত দরের চেয়ে বেশি ছিল।
যোগাযোগ করা হলে মুস্তাফিজুর রহমানের দাবি নাকচ করে ঠিকাদার আবদুস সালাম বলেন, তিনি অভিজ্ঞতার প্রয়োজনীয় নথিপত্র দাখিল করেছেন।