কম দর দিয়ে কাজ নিয়ে এখন উল্টো কথা যুবদল নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় দুই কোটি ২৭ লাখ টাকার একটি সেতু নির্মাণের কাজ পান চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল উদ্দিন। প্রাক্কলিত বাজেটের চেয়ে প্রায় ১৭ শতাংশ কমে এক কোটি ৮৭ লাখ টাকায় তিনি কাজটি পান। প্রায় চার মাস পর এখন তিনি বলছেন উল্টো কথা। তিনি কাজটি করতে আগ্রহী নন বলে করপোরেশনকে জানিয়েছেন। বাধ্য হয়ে করপোরেশন সেতুটি নির্মাণে পুনঃ দরপত্রের সিদ্ধান্ত নিয়েছে।করপোরেশন সূত্র জানায়, বিএনপির সমর্থন নিয়ে গত জুনে মোহাম্মদ মন্জুর আলম মেয়র পদে জয়ী হওয়ার পর বিএনপি, ছাত্রদল ও যুবদলের সমর্থক প্রায় ৩০০ ঠিকাদার চট্টগ্রাম সিটি করপোরেশনে তালিকাভুক্ত হন। ইতিমধ্যে তাঁদের অনেকে কাজও পেয়েছেন।গত ২৫ সেপ্টেম্বর নগরের পাঁচলাইশ তুলাতলী সেতুর কাজের দরপত্র দেওয়া হয়। দুই কোটি ২৭ লাখ টাকার সেতু নির্মাণের কাজ পান নগর যুবদলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন। বর্তমান বাজারে নির্মাণসামগ্রীর দাম বেশি হওয়ায় কাজ করে লাভ হবে না—এমন চিন্তা থেকে তিনি কাজ করছেন না।তবে বেলাল উদ্দিন দাবি করেন, ‘সিটি করপোরেশনে আমি কাজের দরপত্র দেওয়ার পর নানা কথা ওঠে। এতে আমার মনটা খারাপ হয়ে যায়। এ জন্য সেতুর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি।’চার মাস পর দরপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।তবে ওই কাজের প্রকল্প পরিচালক মো. মোখতার আলম বলেন, কাজ করার জন্য আরও ছয় মাস সময় আছে। এ সময়ের মধ্যে দরপত্র আহ্বান করে কাজটি শুরু করা গেলে অন্তত টাকা ফেরত যাওয়া ঠেকানো যাবে।