কম দামি ওষুধে দামি ওষুধের লেবেল, একজনের কারাদণ্ড
ব্যথানাশক অ্যাট্রোপাইন ইনজেকশনের ওপরের লেবেল পাল্টে সেটিকে ধনুষ্টঙ্কারের ইনজেকশন হিসেবে বাজারজাত করা হচ্ছিল। গ্যাস্ট্রিকের ওষুধের লেবেল পাল্টে করা হচ্ছিল হৃদ্রোগের ওষুধ স্টাফোর, প্লাস্টিকের বোতলে শুধু পানি ঢেলে নাকের ড্রপ বায়নোজলের মোড়ক লাগানো হচ্ছিল।
পুরান ঢাকার বংশাল এলাকার একটি বাসায় থাকা কারখানায় চলছিল এই লেবেল পাল্টানো ও মোড়ক লাগানো। গতকাল সোমবার বিকেলে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই কারখানা থেকে প্রচুর ওষুধ জব্দ করেন। এ ঘটনায় কারখানার মালিক আকবর হোসেন ভাসানীকে ধরে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বাজারে যে ওষুধগুলোর দাম বেশি এবং বেশি বিক্রি হয়, সেই ওষুধগুলো নকল করে বিক্রি করতেন আকবর। যেমন—পাইকারি বাজারে ব্যথানাশক অ্যাট্রোপাইন ইনজেকশনের দাম দুই টাকা। এই ইনজেকশনের শুধু লেবেল বদলে দিয়ে তা ধনুষ্টঙ্কারের ইনজেকশন হিসেবে হাজার টাকায় বাজারে বিক্রি করছিলেন আকবর।
র্যাব কর্মকর্তারা জানান, ওই বাসা থেকে ছয় ধরনের ১৬ হাজার ওষুধ জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর লেবেল, খালি বোতল, ওষুধের ফয়েল প্যাক। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা আকবর একসময় ওষুধের দোকানে কাজ করতেন। পরে তিনি ঘরে বসে নিজেই ওষুধ বানানো শুরু করেন। অনেক কম দামি ওষুধের লেবেলের ওপরের নাম বিশেষ প্রক্রিয়ায় মুছে তার জায়গায় দামি ওষুধের নাম লেখা হতো। এই নকল ওষুধগুলো বেশির ভাগ ক্ষেত্রে মিটফোর্ড এলাকার ওষুধের মার্কেটে বিক্রি করা হতো। অনেক ক্ষেত্রে পাইকাররা এসে নিয়েও যেতেন।
র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মাহমুব হোসেন অভিযানে অংশ নেন।