কম দামে কটন মিল বিক্রির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০০ কোটি টাকার নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল ৩৫ কোটি টাকায় বিক্রির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ও কলোনিতে বসবাসকারী অংশীদারদের ওপর গুলিবর্ষণ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস শেয়ারহোল্ডার স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি’ ওই কর্মসূচি পালন করে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগ্রাম কমিটির নেতা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ।
বক্তারা জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০০ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলটি আবার চালু করা হয়। এরপর অবৈধভাবে নির্বাচিত পরিচালনা পরিষদ ১৩ বছর মিলের উন্নয়নে কোনো কাজ করেনি। তারা ষড়যন্ত্র করে ৭০০ কোটি টাকার মিল মাত্র ৩৫ কোটি টাকায় নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীনের কাছে হস্তান্তরের ষড়যন্ত্র করছে।
সংগ্রাম কমিটি অভিযোগ করে জানায়, জয়নাল আবেদীন অংশীদারদের অস্ত্রের ভয় দেখিয়ে নামমাত্র টাকায় জোর করে দলিলে স্বাক্ষর নিচ্ছেন। সম্প্রতি কলোনিতে বসবাসকারীদের উচ্ছেদ করতে তাঁর ছোট ভাই মনার নেতৃত্বে অংশীদারদের ওপর গুলিবর্ষণ করা হয় বলে তাঁরা অভিযোগ করেন।
বক্তারা অবিলম্বে মিল বিক্রির ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তাঁরা।
এ ব্যাপারে নিট কনসার্নের মালিক জয়নাল আবেদীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।