কম দামে চাল চিনি বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল ও চিনি বাজারমূল্যের চেয়ে কম দরে বিক্রয় কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম চেম্বার। গতকাল বৃহস্পতিবার সকালে আগ্রাবাদের চেম্বার হাউসের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
উদ্বোধনের সময় মাহবুবুল আলম রোজার মাসে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি ও মূল্যবৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে রোজার সময় চেম্বারের পক্ষ থেকে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তশালী, বিভিন্ন প্রতিষ্ঠানকে এ রকম কার্যক্রম চালুর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে দুইটা পর্যন্ত ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলবে। এই কেন্দ্র থেকে প্রতি কেজি আতপ চাল ২০ টাকা, সেদ্ধ চাল ২৫ টাকা এবং চিনি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।
অনুষ্ঠানে চেম্বার সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক এম এ মোতালেব, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, মো. অহীদ সিরাজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।