কম দামে দ্রুতগতির ইন্টারনেটের জন্য প্রয়োজনে নীতি পরিবর্তন: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশে ইন্টারনেটের গতি অনেক কম। ইন্টারনেটের দাম কমাতে ও গতি বাড়াতে প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবে। সমস্যা কোথায়, সেটা খুঁজে বের করা হবে।
গতকাল সোমবার দুপুরে গণভবনে সরকারি কর্মকর্তা, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারি-বেসরকারি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে জয় এসব কথা বলেন। দেশের সর্বত্র সুলভ মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সজীব ওয়াজেদ জয় এই বৈঠক করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার একটি ফেসবুক পেজ আছে। সেখানে অনেক ফ্যান আছেন। তাঁরা ইন্টারনেটের দাম বাড়ানো ও গতি কমানোর ব্যবস্থা নিতে আমার কাছে বিভিন্ন সময় দাবি করে আসছেন। এ জন্য ইন্টারনেট কমিউনিটি প্রোভাইডারদের সঙ্গে বৈঠক করছি।’
বৈঠকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক, অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বাংলাদেশ ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিউএ), ইন্টারনেটে সেবাদানকারী মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক শেষে এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা প্রথম আলোকে বলেন, ‘সজীব ওয়াজেদ জয় এ রকম বৈঠক আরও করবেন বলে জানিয়েছেন।’