ভবিষ্যতে দেশে অপেক্ষাকৃত কম দামে বিদ্যুৎ পেতে হলে মোট উৎপাদিত বিদ্যুতের ৩৫ শতাংশের জ্বালানি হতে হবে কয়লা। গ্যাস দিয়ে করতে হবে আরও ৩৫ শতাংশ। অবশিষ্ট ৩০ শতাংশ আসবে পারমাণবিক বিদ্যুৎ, পানিবিদ্যুৎ, পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমদানি, তেলচালিত কেন্দ্র ও নবায়নযোগ্য উৎস থেকে।
বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যবহারের এই অনুপাত নিশ্চিত করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি নিরাপত্তার জন্যও তা সবচেয়ে উপযোগী হবে।
বিদ্যুৎ খাত মহাপরিকল্পনার (পিএসএমপি) খসড়ায় জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এ প্রস্তাব করেছে। ২০১৬ সাল থেকে ২০৪১ সাল সময়ে বিদ্যুৎ খাত উন্নয়নে সরকারের রূপকল্প মূলত এই পিএসএমপির ভিত্তিতেই বাস্তবায়িত হবে। সরকার এই পিএসএমপি প্রণয়নের দায়িত্ব দিয়েছে জাইকাকে। এটি এখন চূড়ান্ত হওয়ার পথে। তার আগে, গতকাল শনিবার সকালে বিদ্যুৎ ভবনে এর খসড়া উপস্থাপন করা হয় সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য।
পৃথিবীর সর্বত্রই এখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন পরিবেশের জন্য ধংসাত্মক বিবেচিত হচ্ছে। বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো গুরুত্বপূর্ণ ঋণদানকারী সংস্থা উন্নয়নশীল দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহায়তা না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
এ পরিস্থিতিতে ২৫ বছরের জন্য প্রণীত মহাপরিকল্পনায় কয়লা দিয়ে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা কতটা বাস্তবায়নযোগ্য, জানতে চাইলে বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা প্রথম আলোকে বলেন, জাইকা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিপক্ষে নয়।
পিএসএমপির খসড়া উপস্থাপনের পর বিদ্যুৎ ভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলোচনাকালে মিকিও বলেন, উন্নয়শীল দেশেগুলোর জন্য পরিবেশ সংরক্ষণের মতোই অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। এখানে বিদ্যুৎ যেমন দরকার, তেমনি তার দামও সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা প্রয়োজন। তা ছাড়া প্রযুক্তির উন্নয়নের কারণে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এখন অনেক কম ঝুঁকিপূর্ণ।
পিএসএমপির খসড়ায় অবশ্য উন্মুক্ত পদ্ধতিতে দেশে কয়লা উত্তোলনের প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী খসড়ার ওপর আলোচনায় বলেন, সরকার উন্মুক্ত পদ্ধতিতে দেশের কয়লা তোলার সিদ্ধান্ত নেয়নি। তাই পিএসএমপিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে দুটি চিত্র সন্নিবেশিত করতে হবে। একটি শুধু আমদানি করা কয়লাকেন্দ্রিক। অন্যটি আমদানি ও দেশের কয়লা ব্যবহারকেন্দ্রিক।
বিদ্যুৎসচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খসড়া উপস্থাপন সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম, বিইআরসির চেয়ারম্যান এ আর খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ ও বিভিন্ন সংস্থার প্রধানেরা বক্তব্য দেন। পরে খসড়াটি নিয়ে একটি কারিগরি অধিবেশন হয়।
চলতি মাসেই পিএসএমপি চূড়ান্ত হওয়ার কথা। এর আগে ১৯৯৫-২০১০ মেয়াদের পিএসএমপিও জাইকা প্রণয়ন করেছিল, যেটি পরে ২০১৫ সাল পর্যন্ত বর্ধিত করা হয়।
এবারের পিএসএমপি বাস্তবায়নের জন্য জাইকা পাঁচটি অপরিহার্য বিষয় নির্ধারণ করেছে। এগুলো হচ্ছে—প্রাথমিক জ্বালানি (কয়লা, এলএনজি, তেল প্রভৃতি) আমদানির জন্য ব্যাপক অবকাঠামো নির্মাণ, দেশীয় জ্বালানিসম্পদের উন্নয়ন ও দক্ষ ব্যবহার, উচ্চমানের বিদ্যুৎ-ব্যবস্থা উন্নয়ন, সবুজ তথা নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহের জন্য নীতিমালা ও জনবল উন্নয়ন।