কম দামে হতাশ ব্যবসায়ীরা, অনেক গরু অবিক্রীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইরের গরু ব্যবসায়ী সিরাজ মিয়া। সাত-আট বছর ধরে তিনি কোরবানির পশুর হাটে গরু বিক্রি করছেন। এবার তিনি ১৮টি গরু নিয়ে গাবতলী পশুর হাটে এসেছিলেন। কিন্তু গত শুক্রবার (ঈদুল আজহার আগের দিন) সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র তিনটি। তাও কাঙ্ক্ষিত দামের চেয়ে ১৫ হাজার টাকা কমে। অবিক্রীত গরু আর একরাশ দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরেছেন।সিরাজ মিয়া জানালেন, আট মাস ধরে গরুগুলো লালন-পালনে যে টাকা খরচ করেছেন, তা কীভাবে তুলবেন সেই চিন্তায় আছেন।সিরাজ মিয়ার মতো এমন দিশেহারা অবস্থা এবার কোরবানির পশুর হাটে আসা বেশির ভাগ গরু ব্যবসায়ীর। দাম হঠাৎ করে কমে যাওয়ায় কেউ কেউ একটি গরুও বিক্রি করতে পারেননি। তাঁরা হাট ছেড়েছেন গরুর লালন-পালন, পরিবহন খরচসহ অন্যান্য খরচ কীভাবে ওঠাবেন, সেই দুশ্চিন্তা মাথায় নিয়ে। অনেকে কাঙ্ক্ষিত দাম না পেলেও বেশি লোকসান এড়াতে কিছু গরু বিক্রি করেন।গরু ব্যবসায়ী ও পশুর হাটের ইজারাদারদের তথ্য অনুযায়ী, এবার ঢাকার হাটগুলো থেকে অন্তত এক লাখ গরু অবিক্রীত অবস্থায় ফেরত গেছে। সারা দেশে এই সংখ্যা ১৫ থেকে ২০ লাখ। তাঁরা বলেছেন, শেষ দুই দিনে দাম কমে যাওয়ার এবং গরু অবিক্রীত থাকার কারণ চাহিদার তুলনায় অনেক বেশি গরু সরবরাহ। ঈদের আগের দিনও গরু হাটে এসেছে। এর পাশাপাশি গত বছর শেষ দিকে চড়া দাম ও গরু না পাওয়ায় এবার অনেক ক্রেতার আগেভাগে গরু কেনা, কারও কারও ঢাকার বাইরে থেকে গরু কেনা, ভারত থেকে অনেক গরু আসাকেও দাম কমে যাওয়ার কারণ মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ক্রেতা ও বিক্রেতারা বলেছেন, গত বুধবার পর্যন্ত বড় আকারের যে গরু ৯০ হাজার টাকা বা এর বেশি দামে বিক্রি হয়েছে, তেমন গরু বৃহস্পতিবার সন্ধ্যার পর ৮০ হাজার এবং শুক্রবার বিকেলের পর ৬৫ হাজার টাকায়ও বিক্রি হয়। গতবার এমন গরুর দাম ছিল এক লাখ টাকা। মাঝারি আকারের গরু এবার শেষ দিকে ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। তবে যেসব ব্যবসায়ী এবার আগেভাগে হাটে আসেন, তাঁদের বেশির ভাগ পশুই বিক্রি হয়ে গেছে। কারণ, বুধবার অনেক পশু বিক্রি হয়। সরকারি ছুটি থাকায় সেদিন হাটগুলোতে ছিল ক্রেতার ভিড়। গতবারের অভিজ্ঞতার কারণে এবার আগেভাগেই গরু কিনেছেন অনেক ক্রেতা। ফলে শেষ দুই দিন ক্রেতার ভিড় কম ছিল। গতবার শেষ দুই দিনে তেমন গরু আসেনি। এবার শেষ দিনেও গরু এসেছে। ব্যবসায়ীরা জানান, বৃহস্পতি ও শুক্রবার ক্রেতা ছিল অনেক কম। কিন্তু গরু ছিল অনেক। গাবতলী হাটে সিরাজগঞ্জ থেকে আসা গরু বিক্রেতা ফারুক শিকদার বলেন, ‘গত বছর শেষ মুহূর্তে অনেক বেশি গরু বিক্রি হয়েছিল। দামও ছিল চড়া। সেই আশায় এবার অনেক ব্যবসায়ী শেষ মুহূর্তে গরু নিয়ে এসেছিলেন। কিন্তু তাঁরা ধরা খেয়েছেন।’ঢাকার বৃহত্তম পশুর হাট গাবতলী হাটের পরিচালনা কমিটির সদস্য সোহেল হাসিব গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘হাটে এবার এত গরু আসবে, আমরা তা বুঝতে পারিনি। বৃহস্পতি ও শুক্রবার তুলনামূলকভাবে অনেক কম বিক্রি হয়েছে।’ ব্যবসায়ীদের কেমন ক্ষতি হয়েছে, জানতে চাইলে সোহেল বলেন, ‘ভ্যাট-ট্যাক্স মিলিয়ে আমরা সাড়ে আট কোটি টাকায় এই হাটের ইজারা নিয়েছিলাম। আমরা টাকা তুলতে পারিনি। উল্টো অনেক বেশি খরচ হয়েছে। ব্যবসায়ীদের অবস্থা আরও খারাপ। অনেকের পুঁজিও ওঠেনি।’বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘আমাদের হিসাবে কেবল ঢাকা থেকেই এক লাখ গরু অবিক্রীত অবস্থায় ফেরত গেছে। সারা দেশে এই সংখ্যা ১৫ থেকে ২০ লাখ। অনেক ব্যবসায়ী এবার একটি গরুও বিক্রি করতে পারেননি। অনেকেই পুঁজি হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। এর প্রভাব আগামী বছর পড়তে পারে।’