কম দামের ঈদ
কিরণমালা নামের এক সেট গয়না কিনবে বুলবুলি। দোকানি দাম চাচ্ছে দুই শ টাকা। হাসপাতালের আয়া মা আয়েশা বেগমের কাছে দামটা বেশি। কিন্তু বুলবুলিও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত এক শ টাকা দিয়ে কেনা হয়। বুলবুলি তার মাকে বলে, ‘আমার জামার লগে মিল্যা গেছে।’
আয়েশা বেগমের মতো স্বল্প আয়ের মানুষদের ঈদ আনন্দ পূর্ণ করার আগে টাকার হিসাব করতে হয়। পরিবারের সদস্যদের কেনাকাটার জন্য তাঁরা বেছে নেন ফুটপাত অথবা হকার্স মার্কেট। আয়েশা বেগম নিজের জন্য কিছু কিনবেন না। গুলিস্তানে বায়তুল মোকাররমের ফুটপাতের দোকানে এসেছেন মেয়ে ও শাশুড়ির জন্য কেনাকাটা করতে।
সাত্তার মিয়া ছেলের জন্য প্যান্ট কিনবেন। এ দোকান থেকে ও দোকান ঘুরছেন। কিন্তু দামে মিলছে না। তিনি বলেন, ‘আমাগো অইছে কম দামের ঈদ। যত কমে কিনন যায়। দুইডা পয়সা বাঁচলে লাভ।’ সাত্তার মিয়া রিকশা চালান। ছোট ছেলের জিনসের প্যান্টের আবদার মেটাতে দেড় শ টাকা দিয়ে একটি প্যান্ট কিনেছেন। সম্ভব হলে নিজে লুঙ্গি কিনবেন।
রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম, ট্রেড সেন্টার ও বঙ্গবাজারের সামনে ফুটপাতে পোশাক থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। ফুটপাতের দোকানগুলো জমে উঠেছে। ‘বাইছা লন এক শ, বাইছা লন দুই শ’—এ রকম নানা সুরে ডেকে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।
ঈদের ছুটি শুরু হলেও স্বল্প আয়ের মানুষদের এখনো সেই ছুটি মেলেনি। রুবেল হোসেন জিনসের প্যান্ট তৈরির কারখানায় কাজ করেন। শার্ট-প্যান্ট কিনতে বঙ্গবাজারে এসেছেন। তিনি বলেন, ‘চান্দের দিন ছুটি দিবো। মালিকে কয়ডা টাকা দিয়া কিছু কিনতে কইছে।’
শ্রমজীবীদের কেউ কেউ এখনো মজুরিও পাননি। কিনতে আসা কয়েকজন বললেন, তাঁরা গুলিস্তানেই বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। মালিক তাঁদেরকে ২৮ রোজায় বেতন দেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন ধার করে স্বজনদের জন্য কিনতে এসেছেন।
রহিমা বেগমের মেয়ে পোশাকশ্রমিক। মেয়ে সময় পাচ্ছে না বলে নিজেই এসেছেন বঙ্গবাজারে। মেয়ের জন্য আট শ টাকা দিয়ে থ্রি-পিস কিনেছেন। নিজের জন্য একটি বোরকা পছন্দ হয়েছে। তিনি বলেন, ‘এত দাম চায়। মাইয়ার কষ্টের টাকা। চাইলেই তো শখ পূরণ অয় না।’
মোহাম্মদ খোকন বায়তুল মোকাররমের সামনে পাঞ্জাবি বিক্রি করেন। এবারের বিক্রিতে তিনি মোটামুটি সন্তুষ্ট।