কম দেওয়ার অভিযোগ অস্বীকার চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুস্থদের ভিজিডি চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ছয়সূতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সভাকক্ষে সংবাদ সম্মেলন করে তিনি ওই অভিযোগ অস্বীকার করেন।
ইউপি চেয়ারম্যান মীর মো. মেছবাহুল ইসলাম লিখিত বক্তব্যে দাবি করেন, গত বুধবার প্রথম আলোয় ‘কুলিয়ারচরে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ছয়সূতি ইউনিয়নের ভিজিডির চাল বিতরণে অনিয়মের কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, প্রতি কার্ডধারী ৬০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু তাঁদের অনেকে পেয়েছেন ৫০ থেকে ৫৫ কেজি করে। এককথায় গড়ে পাঁচ থেকে দশ কেজি করে কম পাওয়ার কথা বলা হয়েছে। এই তথ্য সঠিক নয়।
তবে ওজনে কিছু কম হওয়ার কথা স্বীকার করেন চেয়ারম্যান। এই ক্ষেত্রে চেয়ারম্যানের যুক্তি হলো, চাল এসেছে চীন থেকে। প্যাকেটজাত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের হাত ঘুরে এই চাল ইউপি কার্যালয়ে পৌঁছায়। কয়েক হাত ঘুরে আসায় এবং বিভিন্ন প্রক্রিয়ায় সুবিধাভোগীদের ঘরে পৌঁছানোর আগে কিছু চাল পড়ে যায়। মূলত সেই কারণে বস্তাপ্রতি এক থেকে আধা কেজি করে ওজনে কম থাকতে পারে। ওজনে কিছু কম থাকার সঙ্গে তিনি কিংবা তাঁর পরিষদের কারও হাত নেই কিংবা তাঁদের কেউ গরিবের চাল থেকে সুবিধা গ্রহণ করেননি।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নিজ দলে তাঁর প্রতিপক্ষ রয়েছে। প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে সাধারণ বিষয়কে সামনে এনে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ছয়সূতি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাচ্চু মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের নূরুল হক, ৬ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হক, সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আফরোজা, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকিয়া এবং ভিজিডি কার্ডধারী কয়েকজন নারী উপস্থিত ছিলেন।