কম বিল দিয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সেচের জন্য কম বিদ্যুৎ ব্যবহারের অনুমতি নিয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে পাম্প চালানো হচ্ছে। বেশি বিদ্যুৎ ব্যবহার করে কম বিল দেওয়ার জন্য সেচপাম্পের মালিকেরা স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের এক কর্মকর্তার সহায়তায় এই অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে অধিক বিদ্যুৎ ব্যবহার করায় এলাকায় লোডশেডিং এবং বিদ্যুৎ চুরি বাড়ছে। পাশাপাশি সরকার গ্রাহকদের কাছ থেকে প্রকৃত বিল আদায় করতে পারছে না।এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুসরত মদাতী গ্রামের বাসিন্দা নির্মল চন্দ্র রায় ৫ জুলাই কালীগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোক্তার হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তালুক মদাতী গ্রামের প্রবীন্দ্র কুমার রায় এবং দক্ষিণ মুসরত মদাতী গ্রামের গণেশ চন্দ্র এক ফেজ বা দুই কিলোওয়াট লোডের অনুমতি নিয়ে তিন ফেজে (অধিক লোড) পুরো সেচ মৌসুমে ১০ হর্স পাওয়ার পাম্প চালিয়েছেন। এই অবৈধ কাজে কালীগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলাম মোটা অঙ্কের টাকা নিয়ে সহায়তা করেছেন। প্রবীন্দ্র কুমার রায়ের মে মাসের বিলের কাগজে উল্লেখ আছে, তিনি এক ফেজ ব্যবহার করেছেন। এ জন্য তাঁর বিল এসেছে দুই হাজার ৬৯৮ টাকা। বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লাইনম্যান হিমাংশু কুমার জানান, তিন ফেজ ব্যবহার করলে বিদ্যুৎ বিল তিন গুণ আসবে।এ অভিযোগের পর আবাসিক প্রকৌশলী মোক্তার হোসেনের মৌখিক নির্দেশে ৬ জুলাই অফিসের লাইনম্যান হিমাংশু কুমার সরেজমিনে প্রবীন্দ্র কুমার রায়ের বাড়িতে যান। ওই বাড়িতে গিয়ে তিনি ১০ হর্স পাওয়ার পাম্প অবৈধভাবে চালু থাকার কথা মুঠোফোনে আবাসিক প্রকৌশলীকে জানান। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্মল চন্দ্র রায় ১১ জুলাই আবার আবাসিক প্রকৌশলী মোক্তার হোসেনের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের অনুলিপি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে ১৩ জুলাই পাঠানো হয়। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আবাসিক প্রকৌশলী মোক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে অফিস থেকে জানানো হয়, তিনি ছুটিতে আছেন। আগামী ৬ অক্টোবর যোগদান করবেন।একই কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, অধিক বিদ্যুৎ ব্যবহার করে কম বিল দেওয়ার ব্যাপারে তিনি কোনো গ্রাহককে সহায়তা করেননি।তবে গ্রাহক গণেশ চন্দ্র বলেন, ‘আমি নুরুল ইসলাম স্যারের কাছের লোক আবদুল আজিজের কাছ থেকে অনুমতি নিয়েছি।’এ ব্যাপারে প্রবীন্দ্র কুমারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ছোট ভাই কমল চন্দ্র রায় বলেন, ‘আমার ভাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে তিন ফেজ পাম্প ব্যবহার করার অভিযোগ করার কথা শুনেছি।’