কম ভাড়া নেওয়ার অঙ্গীকারের সুফল পাচ্ছে না লঞ্চযাত্রীরা
লঞ্চে অতিরিক্ত ভাড়া না নেওয়ার এবং কম ভাড়া নেওয়ার অঙ্গীকারের সুফল পাচ্ছে না ঈদে ঘরমুখী যাত্রীরা; বরং বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে কয়েকটি লঞ্চ ঘুরে এসব অভিযোগ পাওয়া গেছে।এদিকে চলাচলের অযোগ্য কিছু লঞ্চকে ঘরমুখী যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ছাদে যাত্রী না নেওয়ার কর্তৃপক্ষের নির্দেশ মানা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঈদুল ফিতরের আগে হাইকোর্ট এ বিষয়ে নির্দেশ দিলেও ওই সময়ও ছাদে যাত্রী বহন করা হয়েছিল।পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গত মাসের (অক্টোবর) মাঝামাঝি নৌপরিবহন মন্ত্রণালয় ও লঞ্চ মালিক সমিতির বৈঠকে মালিকেরা অঙ্গীকার করেছিলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না; বরং ডেকের যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে কম ভাড়া নেওয়া হবে।অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ: ডেকের নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ টাকা কম নয়, বরং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ করেন পটুয়াখালীগামী এমভি সৈকতের যাত্রী আবদুর রহিম। গতকাল তিনি অভিযোগ করেন, আগে ডেকের সর্বোচ্চ ভাড়া ১৫০ টাকা নেওয়া হলেও এখন নেওয়া হয়েছে ২০০ টাকা। মডার্ন সানের যাত্রী আবদুস সাত্তার বলেন, গত সপ্তাহে বরিশাল থেকে ঢাকায় আসার সময় ডেকের ভাড়া নিয়েছিল ১৫০ টাকা। কিন্তু এখন এ লঞ্চের কর্মচারীরা তাঁর কাছে ২১০ টাকা ভাড়া দাবি করছেন। তবে ওই দুটি লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের অভিযোগ সঠিক নয় বলে জানায়।কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বরিশালগামী এম ভি সাগরের ডেকে বসার আগেই যাত্রীদের কাছে ২১০ টাকা ভাড়া চাওয়া হয়, যা আগের চেয়ে ৬০ টাকা বেশি। কোনো টিকিটও দেওয়া হচ্ছে না।অযোগ্য লঞ্চ: ঈদ সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়মিত লঞ্চগুলোর সঙ্গে যোগ হয়েছে কিছু ঝুঁকিপূর্ণ লঞ্চও। এসব লঞ্চে ঝালাই ও রং করা হয়েছিল ঈদুল ফিতরের আগে। নিয়মিত চলাচলকারী বেশির ভাগ লঞ্চেও প্রয়োজনীয়সংখ্যক জীবনরক্ষাকারী সরঞ্জাম ও আগুন নেভানোর ব্যবস্থা নেই।যোগাযোগ করা হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চলাচলের অযোগ্য (ডি ক্যাটাগরি) লঞ্চগুলোর ৭০ শতাংশ এখন নেই। কিছু শর্ত পূরণ করে বাকি ৩০ শতাংশ চলছে।সদরঘাট টার্মিনালে বিআইডব্লিউটিএর পর্যবেক্ষণ সেল সূত্রে জানা যায়, সাধারণ সময়ে বৃহস্পতি ও শুক্রবার সদরঘাট থেকে ১১০টি লঞ্চে ৭০-৭৫ হাজার যাত্রী চলাচল করে। কিন্তু ঈদ উপলক্ষে বিভিন্ন লঞ্চের চলাচল (ট্রিপ) বাড়ানো হয়। ঈদের আগের কয়েক দিনে সদরঘাট থেকে প্রতিদিন আড়াই থেকে তিন লাখ যাত্রী চলাচল করে।সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, অনেক যাত্রীর প্রবণতা হচ্ছে, যেভাবেই হোক গন্তব্যে পৌঁছাতে হবে। তাই ঈদের দুই-তিন আগে অতিরিক্ত যাত্রী ঠেকানো অসম্ভব হয়ে পড়ে।