কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কক্সবাজারের ঝিলংজা বীজ উৎপাদন খামারের স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে। খামারের জ্যেষ্ঠ সহকারী পরিচালকের বিরুদ্ধে মজুরি কম দেওয়ার অভিযোগও তুলেছেন শ্রমিকেরা। ওই কর্মকর্তার বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএডিসির চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি দপ্তরে গত মার্চ মাসে লিখিত অভিযোগ পাঠিয়েছেন শ্রমিকেরা।
ঝিলংজা বীজ উৎপাদন খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হাকিম কাছে দাবি করেন, জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুমন চাকমা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। খামারের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় ৫৭ জন শ্রমিকের মধ্যে ৩০ জনকে ছাঁটাই করেছেন (কাজে নেওয়া হচ্ছে না) তিনি। যাঁদের কাজে রাখা হয়েছে তাঁদেরও ভয়ের মধ্যে রাখা হয়েছে। এই কর্মকর্তা রোহিঙ্গাদের দিয়ে খামারের কাজ করাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি মো. আবদুল্লাহ বলেন, খামারে কর্মরত শ্রমিকদের সমস্যা দূর করতে তিনি সুমন চাকমার সঙ্গে কয়েকবার কথা বলেছেন। কিন্তু তিনি কোনো কিছুই আমলে নিচ্ছেন না।
তবে খামারের জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুমন চাকমা তাঁর বিরুদ্ধে তোলা শ্রমিকদের অভিযোগ ভিত্তিহীন বলে প্রথম আলোর কাছে দাবি করেন। তিনি বলেন, খামারে কোনো রোহিঙ্গা কাজ করে না। যাঁরা কাজ করেন, তাঁরা বাংলাদেশের নাগরিক।
গত বুধবার বেলা ১১টায় কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার খামারে গিয়ে দেখা যায়, খামারের প্রধান গেট বন্ধ। খামারের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন শ্রমিক বলেন, পাওনা টাকার জন্য তাঁরা এসেছেন। কিন্তু কেউ গেট খুলছে না।
এ বিষয়ে মুঠোফানে খামারের জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুমন চাকমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ছুটিতে আছেন। তাই খামারের গেট বন্ধ রাখা হয়েছে।
খামারের শ্রমিক ফজল আহমদ (৬৫) বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি খামারে শ্রমিকের কাজ করছেন। এখন তিনি বেকার। খামারে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। ছয় সদস্যের পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে তাঁর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় ৩০ জনের বেশি শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর বিপরীতে রোহিঙ্গাদের দিয়ে কম টাকায় কাজ করানো হচ্ছে। রোহিঙ্গাদের দিয়ে খামারের ভেতরে কাজ করার কারণে গেট বেশির ভাগ সময় তালাবদ্ধ করে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন।
শ্রমিকেরা বলেন, প্রায় ৮৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ খামারটি দেশের অন্যতম সেরা কৃষিখামার হিসেবে একসময় পরিচিত ছিল। ছয় বছর ধরে খামারের জ্যেষ্ঠ সহকারী পরিচালকের দায়িত্বে থাকা সুমন চাকমার বিভিন্ন অনিয়মের কারণে এটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
শ্রমিক নুরুল ইসলাম বলেন, ২৩ বছর ধরে তিনি খামারে কাজ করছেন। তাঁর অভিযোগ, শ্রমিকদের দিনে ৪০০ টাকা মজুরি দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র ২৬০ টাকা। কিন্তু নথিপত্রে ৪০০ টাকা লেখা থাকে। রোহিঙ্গাদের দেওয়া হয় ২০০ টাকা।
শ্রমিক কাজল বড়ুয়া বলেন, খামারের গেট সারাক্ষণ বন্ধ থাকায় স্থানীয় চাষিরা বীজ-সংক্রান্ত কোনো ধরনের পরামর্শ পাচ্ছেন না।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক আ ক ম শাহরিয়ার প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে খামারের শ্রমিকেরা তাঁর কাছে এসে সুমন চাকমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এ ব্যাপারে সুমন চাকমাকে বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি শুদ্ধ হচ্ছেন না। তিনি বলেন, স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে রোহিঙ্গাদের দিয়ে কাজ করানোর ঘটনা তদন্ত করা হচ্ছে।