কম শক্তি প্রয়োগ ও কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণেরনির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশনের প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন সদস্য থাকবেন। তবে নির্বাচন কমিশন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যতটা সম্ভব কম শক্তি প্রয়োগ করে কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রেগুলোতে মোতায়েন থাকবেন বিজিবির অতিরিক্ত সদস্য। পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ দলকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য প্রয়োজন অনুযায়ী র‌্যাব মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

চার সিটি করপোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এ পরিকল্পনার কথা বলা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, চার সিটি করপোরেশনের ৬৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২২টিই ঝুঁকিপূর্ণ। রাজশাহী সিটির ৭৫ শতাংশ, অর্থাৎ ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৪টিই ঝুঁকিপূর্ণ। খুলনা সিটি করপোরেশনে ২৮৮টির মধ্যে ২০২টি, বরিশাল সিটির ১০০টির মধ্যে ৬০টি এবং সিলেট সিটির ১২৭টি কেন্দ্রের মধ্যে ৬২টি ঝুঁকিপূর্ণ।

কাল শনিবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলো নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। অপরাধীদের সাজা দেওয়ার জন্য পর্যাপ্তসংখ্যক বিচারিক হাকিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলের নামে যেসব নির্বাচনী ক্যাম্প করা হয়েছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং কয়েক জায়গায় জরিমানাও করা হয়েছে। সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তার জন্য এবং বহিরাগতদের অনুপ্রবেশ রোধে ইতিমধ্যে চার সিটির বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে।

কমিশন সচিবালয় সূত্র জানায়, ভোটের ফল ঘোষণা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নিয়ন্ত্রণকক্ষে চার স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা থাকবে। নির্বাচন কর্মকর্তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।

চার সিটির নির্বাচনী আইনশৃঙ্খলা-সম্পর্কিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, প্রতিটি ওয়ার্ডে একটি করে মোবাইল ফোর্স এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। প্রতিটি ওয়ার্ডে র‌্যাবের ১৪ থেকে ১৬ জনের একটি করে দল থাকবে। এ ছাড়া, রাজশাহীতে পাঁচ প্লাটুন বিজিবি, খুলনায় সাত প্লাটুন, বরিশালে চার প্লাটুন ও সিলেটে ১৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এর বাইরে খুলনা ও বরিশাল সিটিতে যথাক্রমে তিন প্লাটুন ও দুই প্লাটুন করে কোস্ট গার্ড কাজ করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়টি বিবেচনায় নিয়ে এদের বিন্যস্ত করা হবে।

গত রাত ১২টা থেকে ভোটের দিন দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন, এমন ব্যক্তিরা ভোট গ্রহণের দুই দিন আগে থেকে নির্বাচনী এলাকায় থাকতে পারবেন না। তবে যাঁরা বেড়াতে বা জরুরি প্রয়োজনে ওই সব সিটিতে যাবেন, তাঁদের জন্য নিয়ম প্রযোজ্য হবে না।

গতকাল বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দপ্তর থেকে ওই সিটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পরিকল্পনা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। অন্য তিন সিটির পরিকল্পনা তখন পর্যন্ত কমিশনে পৌঁছায়নি।