কম সময়ে অনুমোদনের আশ্বাস ঔষধ প্রশাসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে মানুষ নেশাগ্রস্ত হয়ে যেতে পারে—এমন ওষুধের (নারকোটিকস) অনুমোদনের জন্য যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তা কমিয়ে ৩০ দিনের মধ্যেই এ-সংক্রান্ত বিষয় নিষ্পত্তির ঘোষণা দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান এ ঘোষণা দেন।

বাংলাদেশের ওষুধ রপ্তানিতে নারকোটিকস জাতীয় ওষুধের ভূমিকা এবং বিরাজমান বিভিন্ন সমস্যা ও জটিলতা নিরসন এবং নারকোটিকস জাতীয় ওষুধের রপ্তানি সহজ ও ত্বরান্বিত করার লক্ষ্যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে ওই সভা হয়।

আলোচনা সভায় ওষুধ শিল্প সমিতির নেতারা বলেন, প্রায় ৪২ ধরনের ওষুধের আমদানি ও রপ্তানির জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদনের প্রয়োজন হয় ও ঔষধ প্রশাসনের সুপারিশ লাগে। বিভিন্ন পর্যায়ে এই অনুমোদনের কাজ সম্পন্ন হতে ৭০ থেকে ৯০ দিন লেগে যায়। এই দীর্ঘ সময় দেরি হওয়ার কারণে ওষুধ রপ্তানিসহ নানা ধরনের জটিলতায় পড়তে হয়, যা ওষুধ শিল্পের উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করে।

এর জবাবে খন্দকার রাকিবুর রহমান ৩০ দিনের মধ্যেই এ-সংক্রান্ত বিষয় সমাধান করার ঘোষণা দেন। এ ছাড়া এই সময় আরও কমিয়ে আনার জন্য অনলাইনের মাধ্যমে কীভাবে এটি সহজ করা যায়, তাও বিবেচনার আশ্বাস দেন তিনি।

আলোচনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের যৌথ আলোচনা অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়। নারকোটিকস জাতীয় ওষুধের অনুমোদনের ক্ষেত্রে সময় যাতে আরও কম লাগে, সে জন্য তাঁরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ওষুধ শিল্প সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হারুনুর রশীদ, মহাসচিব এস এম শফিউজ্জামান, উপদেষ্টা মিজানুর রহমান চৌধুরী, আবদুল মুক্তাদির প্রমুখ।