দেশে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা বাড়ছে। আগামী দুই থেকে আড়াই দশকের মধ্যে বাংলাদেশ প্রবীণপ্রধান দেশে পরিণত হওয়ার আভাস দিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের এই প্রতিষ্ঠান বলছে, অর্থনীতিতে কর্মক্ষম জনগোষ্ঠীর বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ বাংলাদেশের আস্তে আস্তে কমে আসছে।
ইউনিসেফ বলছে, বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে ২০২৯ সালে। আর সেখান থেকে আস্তে আস্তে প্রবীণপ্রধান সমাজ পরিণত হবে ২০৪৭ সালে। মাত্র ১৮ বছরে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে বাংলাদেশ। দ্রুততম সময়ে এই পরিবর্তন ঘটতে চলেছে বিশ্বে এমন সব দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরে এটি ঘটবে ১৭ বছর সময়ের মধ্যে। সবচেয়ে বেশি সময় পাবে ফ্রান্স, তাদের এই পরিবর্তন ঘটতে সময় লাগবে ১১৫ বছর।
জনসংখ্যাবিদেরা বয়সের কারণে অন্যের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর হারকে বিবেচনায় নিয়ে কোনো দেশ বা সমাজকে দুটি শ্রেণিতে ভাগ করার চেষ্টা করেন। মোট জনসংখ্যার ৭ শতাংশ বা তার বেশি মানুষের বয়স ৬৫ বছরের বেশি হলে সেটি তাদের দৃষ্টিতে প্রবীণপ্রবণ সমাজ (এজিং সোসাইটি)। আর মোট জনসংখ্যার ১৪ শতাংশ বা তার বেশি বয়স্ক মানুষ হলে সেটি প্রবীণপ্রধান সমাজ (এজড সোসাইটি)।
মে মাসে প্রকাশিত এক নীতিপত্রে ইউনিসেফ বলেছে, বাংলাদেশে ১৯৭৮ সাল থেকে মোট জনসংখ্যায় কর্মক্ষম মানুষের হার বাড়তে থাকে। জনসংখ্যা থেকে উন্নয়নের সুবিধা পাওয়ার সুযোগ তখন থেকেই শুরু হয়। বাংলাদেশ আর ১২ বছর এই সুবিধা পাবে। ২০৩৩ সালে কর্মক্ষম জনসংখ্যার হার দ্রুত কমতে শুরু করবে।
আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর দিবসটি গুরুত্ব দিয়ে পালন করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর। মহামারি করোনার কারণে বড় কোনো অনুষ্ঠান বা র্যালি হচ্ছে না এ বছর। তবে ভার্চ্যুয়ালি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
জাতিসংঘের বৈশ্বিক জনসংখ্যা প্রক্ষেপণ অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ। এর মধ্যে ১৪ বছরের নিচে আছে ২৬ দশমিক ৮ শতাংশ জনগোষ্ঠী। কর্মক্ষম জনগোষ্ঠী বা ১৫ থেকে ৬৪ বছর বয়সীরা হচ্ছে মোট জনসংখ্যার ৬৮ শতাংশ। আর ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ আছে ৫ দশমিক ২ শতাংশ। এর অর্থ হচ্ছে, শতকরা ৬৮ জনের উপার্জনের ওপর ৩২ জন মানুষ নির্ভরশীল। নির্ভরশীলতার হার ৪৭ শতাংশ।
বাংলাদেশের অর্জন
গত কয়েক দশকে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার কমানো। ১৯৯২ সালে এই বয়সী শিশুমৃত্যুর হার ছিল ১২১ (প্রতি হাজার জীবিত জন্মে)। ২০১৯ সালে মৃত্যুহার কমে হয় ৪০। ২৭ বছরে শিশুমৃত্যু কমেছে ৬৭ শতাংশ।
শিশুমৃত্যু কমানোর পাশাপাশি মোট প্রজননহার কমানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বাংলাদেশ। ১৯৭৫ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সী একজন নারী গড়ে ৬ দশমিক ৩টি সন্তানের জন্ম দিতেন। এখন একজন মা গড়ে ২ দশমিক ৩টি শিশু জন্ম দেন।
এ থেকে দেখা যায়, বাংলাদেশ উচ্চ মরণশীল ও প্রজননক্ষম সমাজ থেকে নিম্ন মরণশীল ও প্রজননক্ষম সমাজে পরিণত হয়েছে। জনসংখ্যাবিদেরা একে বলেছেন জনমিতিক রূপান্তর বা ডেমোগ্রাফিক ট্রানজিশন। এটা অবশ্যই বড় ধরনের অগ্রগতি এবং বাংলাদেশের জন্য বড় অর্জন। এর উল্টো ঘটনা যদি ঘটত তা হলে বাংলাদেশ জনবিস্ফোরণের আশঙ্কা ছিল। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনবিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করেছিলেন অনেকে।
বয়সকাঠামোয় পরিবর্তন
জনমিতিক রূপান্তরের কারণে বাংলাদেশের জনসংখ্যার বয়সকাঠামোয় বড় পরিবর্তন ঘটছে। ১৯৮০-এর দশকে যুবক বয়সীদের হার অনেক বেশি ছিল। মধ্যবয়সীদের হার তার চেয়ে কম ছিল। এবং প্রবীণদের হার আরও কম ছিল। অর্থাৎ জনসংখ্যাকাঠামো ছিল পিরামিডের মতো।
২০১৫ সাল নাগাদ এই কাঠামোর পরিবর্তন স্পষ্ট হয়। তখন জনসংখ্যায় শিশুর হার কমতে শুরু করেছে। মধ্যবয়সীদের হার বাড়তে থাকে। সঙ্গে প্রবীণদের হারও ক্রমান্বয়ে বাড়তে থাকে। এখন ২০৫০ সালের প্রক্ষেপণ দিয়ে ইউনিসেফ বলছে, কর্মক্ষম জনগোষ্ঠীর ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর হার অনেক বেড়ে যাবে। অর্থাৎ পিরামিডের ওপরের দিকটি ভারী বা বড় হবে। জাপান প্রবীণ জনগোষ্ঠী নিয়ে এখন যেসব ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে একই সমস্যার সম্মুখীন বাংলাদেশকেও হতে হবে।
সুবর্ণ সময়
নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা বা হার কম হলে তা উন্নয়নের জন্য সহায়ক হয়। জাতিসংঘ বলছে ০-১৪ বছর বয়সী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীরা অন্যের আয়-উপার্জনের ওপর নির্ভরশীল থাকে। এই বয়সীরা উৎপাদনশীল নয়। উৎপাদনশীল হচ্ছে ১৫ থেকে ৬৫ বছর বয়সীরা। এরা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল অবদান রাখে।
বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক এই উন্নয়নের শুরু হয়েছিল ১৯৭৮ সালে। প্রক্ষেপণ বলছে, এটা চলবে ২০৩৩ সাল পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশের সামনে এ সুযোগটি ছিল ৫৫ বছরের। ২০২১ সালে এসে দেখা যাচ্ছে বাংলাদেশের হাত থেকে ৪৩ বছর চলে গেছে। অর্থাৎ ৭৮ শতাংশ সময় শেষ হয়ে গেছে। হাতে আছে আর মাত্র ১২ বছর। এই সময়কে বাংলাদেশ কীভাবে কাজে লাগাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে ২০২৯ সালে। ২০৩৩ সাল থেকে কর্মক্ষম জনসংখ্যা কমতে শুরু করবে। আস্তে আস্তে প্রবীণপ্রধান দেশ হবে ২০৪৭ সালে।
জনসংখ্যাভিত্তিক অর্থনৈতিক সুযোগ সব দেশের জন্য সমান হয় না। জাপান এ সময়টা পেয়েছিল সাড়ে ৫৯ বছরের জন্য। জাপানের উন্নয়নে তা বড় ভূমিকা রেখেছিল।
তবে বয়সের সুযোগ শুরু ও সুযোগ শেষ হওয়ার সময়ের সঙ্গে এক মত নন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, সত্তরের দশকে প্রজননহার অনেক বেশি ছিল। সেই হার কমতে থাকে আশির দশকে জনসংখ্যা কার্যক্রম জোরদার হওয়ার ফলে। আর জনসংখ্যার সুযোগের সময়টি আরও পরে শেষ হবে বলে মনে করছেন তিনি। তবে সুযোগটি যথাযথভাবে কাজে লাগালে একটি মানুষ প্রবীণ হওয়ার আগেই ধনী হয়, একটি দেশও তা-ই। এর বড় উদাহরণ জাপান।
প্রবীণ বৃদ্ধির পরিণতি
দ্রুত প্রবীণ জনগোষ্ঠীর হার বেড়ে যাওয়ার কিছু অসুবিধার কথাও বলছে ইউনিসেফ। ২০২০ সালে কর্মক্ষম ১৩ জন মানুষের উপার্জনের ওপর একজন প্রবীণ মানুষ নির্ভরশীল থাকতে দেখা গেছে। ২০৪০ সালে ছয়জন কর্মক্ষম মানুষের ওপর নির্ভরশীল থাকবেন একজন প্রবীণ। অর্থাৎ কর্মক্ষম ও প্রবীণ জনসংখ্যার অনুপাত ক্রমশ কমতে থাকবে।
এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও আছে। ভুটান, মালদ্বীপ ও নেপালে মোট প্রজননহার প্রতিস্থাপন মাত্রার নিচে নেমে গেছে (এক দম্পতি দুটি সন্তান বা তার কমসংখ্যক সন্তান জন্ম দিচ্ছে)। অল্প সময়ের মধ্যে একই পর্যায়ে আসবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। শুধু আফগানিস্তান ও পাকিস্তানে প্রজননহার বেশি আছে।
প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে দক্ষিণ এশিয়ার দেশগুলো দৃষ্টি দেওয়া শুরু করেছে। ভারত ও নেপাল এ নিয়ে কাজ শুরু করেছে। বাংলাদেশও ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ ব্যাপারে জোর দিয়েছে।
সামনের পথ
জনমিতিভিত্তিক সুযোগ ব্যবহারের কথা উঠলেই প্রথমে কর্মসংস্থানের কথা ওঠে। এও বলা হয়, কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করতে হবে। এখন তথ্যপ্রযুক্তিতে জোর দেওয়া হচ্ছে। এই খাতে অনেক তরুণ তাদের ভবিষ্যৎও দেখছে। দেশের বাইরে শ্রমবাজারের দিকেও নজর বাড়াতে হবে। মাঝেমধ্যে মাধ্যমিক শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যাপারে জোর দেওয়ার কথাও শোনা যায়।
তবে এ সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে কোন খাতে বেশি বিনিয়োগ করতে হবে, তা নিয়ে বিতর্ক বা আলোচনা আছে। ইউনিসেফ মনে করে, শিশুদের ব্যাপারে বেশি মনোযোগী হওয়া দরকার। ইউনিসেফের সামাজিক নীতি বিশেষজ্ঞ হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, যেকোনো জনগোষ্ঠীকে উৎপাদনশীল করতে হলে শিশুপুষ্টি, শিশুশিক্ষায় জোর দিতে হবে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ যথাযথ না হলে কৈশোরে বা যুব বয়সে শিক্ষা ও প্রশিক্ষণ ঠিকভাবে গ্রহণ করতে পারে না। পোশাকশিল্পের নারী কর্মীরা অধিকাংশ ৪০ বছরের আগেই কাজ থেকে চলে যাচ্ছেন। তার একটি প্রধান কারণ শিশুকালে তাদের পুষ্টি যথাযথ ছিল না।
সরকার কী করছে
সরকারের ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হয়েছে, জনসংখ্যাভিত্তিক সুযোগের শুরু ১৯৭৮ সালে এবং তা শেষ হবে ২০৩৩ সালে। সরকারি কর্মকর্তারা বলছেন, দেশ চলছে পরিকল্পনামাফিক। জনসংখ্যার প্রক্ষেপণকে অনুসরণ করে পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। এসব কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার করোনাকালেও বেশি।
সুযোগকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকার কী করছে, জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদ্য সাবেক সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, ২০৩৬-৩৭ সাল পর্যন্ত বা তারও পরে দেশে যুব জনগোষ্ঠীর আধিক্য থাকবে। ২০৪১ সাল পর্যন্ত আমাদের পরিকল্পনা সুস্পষ্ট। তাতে খাতওয়ারি কর্মসংস্থানের সৃষ্টির বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে। ২০৪১ সালে দেশে কর্মহীন কোনো মানুষ থাকবে না, নিরক্ষর কোনো মানুষ থাকবে না। বড় কোনো বিপর্যয় না হলে বাংলাদেশ পরিকল্পনা অনুযায়ী মধ্যে ও উচ্চ আয়ের দেশে উন্নীত হবে।
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলে বলা আছে, শ্রমবাজারে নারী শ্রমশক্তির ব্যবহার ৩৬ শতাংশে আটকে আছে। তা ২০২৫ সালে ৪৩ শতাংশে এবং ২০৪১ সালে ৬৪ শতাংশে উন্নীত করার জন্য শিক্ষা, প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা কমানোর কথাও বলা হয়েছে।
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এও বলা হয়েছে, জনমিতিক পরিবর্তন যুব জনগোষ্ঠীর কাজ পাওয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে। এ জন্য জরুরিভাবে এদের জন্য নীতিগত মনোযোগ দরকার। একইভাবে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সুযোগ-সুবিধার বিষয়ে নীতিগত মনোযোগ বাড়াতে হবে।