কমছে উৎপাদন, বাড়ছে দাম
প্রতিবছর বাড়ছে শুঁটকির দাম। উৎপাদন কম ও খরচ বেশি হওয়ায় এমনিতেই শুঁটকির বাজার অস্থির। তার সঙ্গে এবার যোগ হয়েছে হরতাল-অবরোধের প্রভাব। ফলে এ বছর পাইকারি বাজারে শুঁটকির দাম ২০ শতাংশ বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। চট্টগ্রামের শুঁটকি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বছর বছর বাড়ছে শুঁটকির চাহিদা। অথচ পাল্লা দিয়ে দেশে কমছে উৎপাদন। দেশে উৎপাদিত শুঁটকির সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় এর দামও বেশি। ফলে ক্রমশ আমদানিনির্ভর হয়ে পড়ছে এই ব্যবসা। আমদানি করা শুঁটকির মান ও দাম দুটোই কম। তবে বর্তমান রাজনৈতিক অস্থিরতায় এবার বেড়ে গেছে এসব শুঁটকির দামও। তাই ক্রমশ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে শুঁটকি।
দেশে শুঁটকির উৎপাদন কমার কারণ: শুঁটকির উৎপাদন কমে যাওয়ার কয়েকটি কারণ চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এমনিতে সমুদ্রে মাছের পরিমাণ কমে গেছে, তার ওপর রয়েছে জলদস্যুদের উৎপাত। দস্যুদের ভয়ে অনেক জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান না। আর গত কয়েক বছরে সামুদ্রিক মাছ হিমায়িত করে বিদেশে রপ্তানি শুরু হওয়ায় শুঁটকি উৎপাদন আরও কমেছে।
কক্সবাজার মৎস্য বহুমুখী সমবায় লিমিটেডের সভাপতি আতিকুল্লাহ সওদাগর প্রথম আলোকে বলেন, মাছ ধরে সমুদ্র থেকে ফেরার পথে জেলেদের ওপর জলদস্যুদের হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে জলদস্যুদের আক্রমণে অনেক জেলে নিহত হয়েছেন। এতে আতঙ্কিত অনেক জেলে পেশাও পরিবর্তন করেছেন। এ ছাড়া লাভ বেশি ও ঝামেলা কম হওয়ায় সামুদ্রিক মাছের বড় ব্যবসায়ীরা মাছ শুঁটকি করার চেয়ে হিমায়িত করার দিকে এখন বেশি ঝুঁকছেন।
ব্যবসায়ীরা জানান, শুঁটকি উৎপাদন টিকিয়ে রেখেছেন ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা। তবে এসব ব্যবসায়ীর জন্য সরকারের বিশেষ সুবিধা নেই। ব্যবসায়ীরা জানান, ক্ষুদ্রঋণ অথবা দাদন ব্যবসায়ীদের ওপর নির্ভর করতে হয় শুঁটকি চাতালমালিকদের। তাই পৃষ্ঠপোষকতার অভাবেও কমছে শুঁটকির উৎপাদন।
বাজার দখল করছে আমদানি করা শুঁটকি: ক্রমশ দেশের বাজার দখল করে নিচ্ছে আমদানি করা শুঁটকি। মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে শুঁটকি আমদানি করা হয়।
আছদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ জানান, বাজারের প্রায় ৬০ শতাংশ শুঁটকিই আমদানি করা। দেশে উৎপাদিত শুঁটকির চেয়ে এগুলোর মান ও দাম দুটোই কম। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবার আমদানি করা শুঁটকির দামও ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে।
সমিতির তথ্যমতে, দেশে শুঁটকির চাহিদা প্রায় ৫৫ হাজার টন। শুঁটকি ব্যবসার মূল সময় অক্টোবর থেকে জানুয়ারি। এবার ভরা মৌসুমে হরতাল-অবরোধ চলায় যথাসময়ে আড়তে শুঁটকি পৌঁছায়নি। যা পৌঁছেছে, তা আনতে দুই থেকে আড়াই গুণ বেশি পরিবহন খরচ হয়েছে। আবার ঢাকাসহ বিভিন্ন জেলায় ঠিক সময়ে পণ্য পাঠাতে পারেননি চট্টগ্রামের ব্যবসায়ীরা।
আছদগঞ্জের ব্যবসায়ী শওকত ওসমান জানান, পরিবহন খরচের জন্য এবার শুঁটকির দাম এক দফা বেড়েছে। আবার বিক্রি করতে না পারায় কোল্ড স্টোরেজে শত শত টন শুঁটকি এখনো পড়ে রয়েছে। ফলে এখানেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এতে শুঁটকির দাম মান ও প্রকারভেদে ২০ থেকে ৩০ শতাংশ বেশি রাখতে হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি চিংড়ি শুঁটকির পাইকারি দাম সর্বোচ্চ ৮০০ টাকা। খুচরা বাজারে এর দাম এক হাজার ২০০ টাকা। রূপচাঁদা শুঁটকির কেজি দুই থেকে তিন হাজার টাকা। খুচরা বাজারে ৫০০ থেকে এক হাজার টাকা দাম বেড়ে যায়। ফলে শুঁটকির দাম নিম্ন ও মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমিনুল হক নামের এক ব্যক্তি বলেন, তিনি চার মাস আগে ১০০ গ্রাম চিংড়ি শুঁটকি কিনতেন ১১০ টাকায়। এখন সেটি ১২৫ টাকায় কিনতে হচ্ছে। দাম বৃদ্ধিতে হতাশ আমিনুলের মন্তব্য, ‘একসময় হয়তো শখের এ খাবার স্বপ্নই হয়ে যাবে আমাদের কাছে।’
রপ্তানির চিত্র: দেশে উৎপাদিত শুঁটকির মান ভালো হওয়ায় মধ্যপ্রাচ্যে এর ব্যাপক চাহিদা রয়েছে। দুই দশক আগেও বছরে প্রায় আড়াই হাজার টন শুঁটকি রপ্তানি করত বাংলাদেশ। পরে তা কমে যায়।
মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, ১৯৯৩-৯৪ অর্থবছরে বাংলাদেশ থেকে দুই হাজার ৪৭৩ টন শুঁটকি রপ্তানি করা হয়েছিল। ২০০৩-০৪ অর্থবছরে সেটি নেমে আসে ২০২.২৪ টনে। তবে চলতি অর্থবছরে আশার আলো দেখা যাচ্ছে। প্রথম ছয় মাসে রপ্তানি করা হয়েছে এক হাজার ৪৩০ টন।